HomeScrollএখনই কমছে না পেট্রোল-ডিজেলের দাম! বড় ইঙ্গিত কেন্দ্রের
Petrol

এখনই কমছে না পেট্রোল-ডিজেলের দাম! বড় ইঙ্গিত কেন্দ্রের

এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি

ওয়েব ডেস্ক : পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম এখনই কমার সম্ভাবনা নেই। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম (Oil Price) কমতে শুরু করলেও, আপাতত জ্বালানির খুচরো দামে কোনও পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না কেন্দ্র। বৃহস্পতিবার এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি (Hardeep Singh Puri)।

মন্ত্রী জানান, পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় চলতি বছরের ৩০ জুন পর্যন্ত পেট্রোল, ডিজেল ও এলপিজি উৎপাদন ও বিক্রিতে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির মোট ক্ষতি হয়েছে প্রায় ৭৪,৭৮১ কোটি টাকা। সেই সময়ে উৎপাদন খরচের তুলনায় কম দামে জ্বালানি বিক্রি করায় এই বিপুল লোকসান হয়েছে। হরদীপ সিং পুরি (Hardeep Singh Puri) আরও বলেন, বর্তমানে যে অপরিশোধিত তেল শোধনাগারে প্রক্রিয়াকরণ হচ্ছে, তার বড় অংশই প্রায় দু’মাস আগে কেনা। অর্থাৎ, তখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক বেশি ছিল। তাই এখন বাজারে তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে খুচরো জ্বালানির দামে পড়বে না।

তিনি আরও বলেন, আগামী দুই থেকে তিন মাস আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম (Oil Price) নিম্নমুখী থাকে, তবেই পেট্রোল ও ডিজেলের দাম কমানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে। তবে এখনই এ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। মন্ত্রী দাবি করেন, পশ্চিম এশিয়ার সংঘাতের সময় বিশ্বের বহু উন্নত দেশে পেট্রোলের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বেড়েছিল। ভারতের প্রতিবেশী দেশগুলিতে সেই বৃদ্ধি ছিল প্রায় ৩৫ শতাংশ। অথচ ভারতে ওই সময়ে পেট্রোলের দাম বেড়েছে মাত্র ৫.৫৮ শতাংশ।

আরও খবর : নিট নিয়ে নতুন ভাবনা কেন্দ্রের, প্রস্তাব খতিয়ে দেখছে কেন্দ্রের গঠিত বিশেষজ্ঞ কমিটি

তিনি আরও জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে জুন মাসের শেষ পর্যন্ত দেশের প্রায় ১.০৭ লক্ষ খুচরো জ্বালানি বিক্রয় কেন্দ্রে কোনও ঘাটতি বা পরিষেবা বন্ধের ঘটনা ঘটেনি। কঠিন পরিস্থিতিতেও নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ বজায় রাখা হয়েছে।

উল্লেখ্য, ইরানকে ঘিরে পশ্চিম এশিয়ার উত্তেজনার সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপিছু ১১০ ডলারেরও উপরে পৌঁছে গিয়েছিল। পরে জুনের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করায় ভবিষ্যতে জ্বালানির দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে তেল সংস্থাগুলি আগেভাগেই অপরিশোধিত তেল কিনে রাখায় সেই প্রভাব সাধারণ মানুষের কাছে পৌঁছতে এখনও কিছুটা সময় লাগবে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News