কলকাতা: বঙ্গের নির্বাচনী (WB Assembly Election 2026) প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের (Election Commission) দু’টি দল রাজ্য সফরে এসেছে। সোমবার দুপুরে ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী (Gyanesh Bharati) পৌঁছে গিয়েছেন দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে গিয়েছেন ডেপুটি ডিরেক্টর অপূর্ব কুমার সিং (Apurba Singh)। প্রতিনিধি দল রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখবে।নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি, আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক সমন্বয় পর্যালোচনা করা তাঁদের উদ্দেশ্য।
সোমবার দুপুরে পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে নামেন জ্ঞানেশ ভারতী। সেখান থেকে তিনি সড়কপথে বীরভূমের উদ্দেশে রওনা দেন। জেলাশাসক দপ্তরে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। তাঁর সঙ্গে রয়েছেন দু’জন কমিশন আধিকারিক। সফরসূচি অনুযায়ী পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং কলকাতার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তিনি। এদিন সন্ধ্যায় তাঁর দল মুর্শিদাবাদে পৌঁছে জেলাশাসক দফতের বৈঠক করবে এবং সেখানেই রাত কাটাবে।মঙ্গলবার সকালে সফরসূচিতে রয়েছে নদিয়া।অন্যদিকে, অপূর্ব কুমার সিংয়ের নেতৃত্বাধীন দল ইতিমধ্যেই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছে। তাদের সফর শুরু হবে আলিপুরদুয়ার থেকে। তার পর রাজাভাতখাওয়ায় যাবে কমিশনের ওই দল। সেখানকার বুথ পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন আধিকারিকেরা। এ ছাড়া জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং যাওয়ার কথা। কমিশনের একটি সূত্রে খবর, ওই দলটি রাজ্যে দিন পাঁচেক থাকবে।







