ওয়েব ডেস্ক: বক্স অফিসে (Box Office) নজির গড়া ‘ধুরন্ধর’-এর (Dhurandhar) সিক্যুয়েল মুক্তির আগেই শুরু হয়েছে নতুন জল্পনা। আগামী ১৯ মার্চ মুক্তি পেতে চলেছে ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2)। একই সময়ের আশেপাশে আসছে যশ অভিনীত ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রাউন-আপস’ (Toxic)। দুই বড় ছবির সম্ভাব্য সংঘাতে ব্যবসায় প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন পরিচালক সঞ্জয় গুপ্ত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, একই সময়ে দুই বড় বাজেটের ছবি মুক্তি পেলে দু’টিরই আয় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাঁর অভিজ্ঞতার কথাও টানেন তিনি। জানান, তাঁর ছবি ‘কাবিল’ মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘রইস’-এর সঙ্গে। সেই সময় বক্সঅফিস সংগ্রহে প্রভাব পড়েছিল বলে দাবি তাঁর। সঞ্জয়ের কথায়, “আমাদের দেশের অনেক দর্শকের পক্ষে একই সময়ে দু’টি ছবি হলে গিয়ে দেখা সম্ভব নয়। ফলে দু’টি ছবিই কিছুটা ব্যবসা হারায়।”
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে আটক? ‘মানহানির চেষ্টা’, পাল্টা দাবি মেহজবীনের
‘ধুরন্ধর ২’-এর প্রথম ঝলক প্রকাশের পর থেকেই দর্শকের আগ্রহ তুঙ্গে। রণবীর সিংহ অভিনীত চরিত্র ‘হামজা’র অতীত ও গুপ্তচর হয়ে ওঠার কাহিনি এই ছবিতে বিস্তারিত দেখানো হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে যশের ‘টক্সিক’ নিয়েও তুমুল চর্চা চলছে। টিজার ঘিরে বিতর্ক থাকলেও উত্তেজনা কমেনি।
সঞ্জয় গুপ্তের মতে, দু’টি ছবিরই বক্সঅফিস কাঁপানোর ক্ষমতা রয়েছে। তবে একসঙ্গে মুক্তি পেলে প্রত্যাশিত আয় নাও হতে পারে। যদিও শেষ পর্যন্ত দর্শকই ঠিক করবেন কোন ছবি কতটা সাফল্য পাবে। এখন নজর মার্চ মাসের বক্সঅফিস লড়াইয়ে।







