ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। সপ্তম পে কমিশন (7th Pay Commission) গঠনের বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের নতুন সরকার। নতুন সরকার ক্ষমতায় আসার আড়াই মাসের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করা হল। সূত্রের খবর, কমিশনের সুপারিশ হাতে পাওয়ার পর আগামী বছরের মার্চ মাসের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যে এগোতে চায় রাজ্য সরকার।
রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই নতুন বেতন কমিশন ও মহার্ঘ ভাতা (DA) নিয়ে প্রত্যাশা ছিল সরকারি কর্মীদের মধ্যে । রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটের সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্রুত সপ্তম পে কমিশন গঠনের আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার কমিশনের ‘টার্মস অব রেফারেন্স’ বা কাজের পরিধিও প্রকাশ করা হয়েছে।
আরও খবর : ওবিসি সংরক্ষণ মামলায় ফের বিস্তারিত শুনানির ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্ট
বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চার সদস্যের এই কমিশনের চেয়ারম্যান হয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক এবং কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রাক্তন সচিব অতনু চক্রবর্তী। কমিশনের অন্য সদস্যরা হলেন সেন্টার ফর পলিসি রিসার্চের গবেষক পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতার অধ্যাপক পার্থপ্রতিম পাল এবং রাজ্যের অর্থসচিব দেবীপ্রসাদ কারনাম। কমিশন সরকারি, সরকার-পোষিত এবং আধা-সরকারি কর্মীদের বেতন, পেনশন, পদোন্নতি, ডিএ ও ডিআর সংক্রান্ত সুপারিশ করবে।
আগামী ছয় মাসের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে কমিশন (Commission)। একই পদে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামো পর্যালোচনা করে সুপারিশ তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে এই ঘোষণাকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।







