ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গের ওবিসি (OBC) সংরক্ষণ মামলায় ফের বিস্তারিত শুনানির ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বর্তমান রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে সংশ্লিষ্ট মামলা প্রত্যাহার করলেও, মূল মামলাটি এখনও কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। পাশাপাশি নতুন সরকারের জারি করা ওবিসি সংরক্ষণের বিজ্ঞপ্তিকেও চ্যালেঞ্জ জানিয়ে পৃথক জনস্বার্থ মামলা দায়ের হওয়ায় গোটা বিষয়টি ফের আদালতের নজরে এসেছে। বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ সব পক্ষকে ছয় সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এরপর মামলার বিস্তারিত শুনানি হবে।
আদালতে জানানো হয়, মূল মামলার আবেদনকারী অমল চন্দ্র দাস এখনও তাঁর মামলা প্রত্যাহার করেননি। অন্যদিকে, গত ১৮ মে রাজ্য সরকার ৭৪টি সম্প্রদায়কে ওবিসি (OBC) সংরক্ষণের আওতায় আনার যে বিজ্ঞপ্তি জারি করেছে, তা চ্যালেঞ্জ করে মিজানুল কবির নামে এক ব্যক্তি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। ফলে পুরনো মামলা এবং নতুন চ্যালেঞ্জ দুই বিষয়ই এখন একসঙ্গে আদালতের বিবেচনায় রয়েছে।
আরও খবর : হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য! ভাটপাড়া পুরসভার প্রশাসক ও ওসিকে তলব আদালতের
শুনানিতে মামলাকারীদের এক পক্ষের হয়ে আইনজীবী কিশোর দত্ত যুক্তি দেন, সরকার বদলালেই আগের সরকারের প্রশাসনিক সিদ্ধান্ত বাতিল হয়ে যায় না। তিনি আদালতে জানান, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই পূর্ববর্তী সরকার নতুন করে ওবিসি (OBC) তালিকা তৈরি করেছিল এবং সেই তালিকার ভিত্তিতে বহু মানুষ সংরক্ষণের সুবিধা পেয়েছেন। চাকরি, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এই সংরক্ষণের সঙ্গে যুক্ত। তাই কার্যকর সংরক্ষণ বাতিল হলে বহু মানুষের উপর তার সরাসরি প্রভাব পড়তে পারে।
ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সব পক্ষের হলফনামা জমা পড়ার পর মামলার সমস্ত দিক বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে। বিশেষ করে পুরনো সংরক্ষণ ব্যবস্থা, নতুন সরকারের জারি করা বিজ্ঞপ্তি এবং তার আইনি বৈধতা সব বিষয়ই পরবর্তী শুনানিতে বিচারাধীন থাকবে।







