ওয়েব ডেস্ক : মোটরবাইকে নয়, কুলগাম হামলায় জঙ্গিরা আসে পায়ে হেঁটে। মীর বাজারের নিকটবর্তী নওপারা আখরান এলাকায় সিআরপিএফ-এর চৌকি। একইসঙ্গে নাকা চেকিং-এর ব্যবস্থা। মাত্র পঞ্চাশ মিটার দূরত্বের এলাকা জলাভূমি, ঝোপঝাড়, গাছপালা ঘেরা। ওই জলাভূমি পেরিয়েই জঙ্গিরা ঘটনাস্থলে পৌঁছয়। হামলার পর ঝোপঝাড়, গাছপালার আড়ালে গা-ঢাকা দেয়। তারপর পালিয়ে যায়। পালানোর সময় জঙ্গিরা মোটরবাইক ব্যবহার করে থাকতে পারে।
ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে এনআইএ। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। একটি মোবাইল ফোন এবং সিম কার্ড উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্ত রিপোর্টে জানা গিয়েছে সম্ভবত তিন জন জঙ্গি হামলা চালায়। এদের মধ্যে দু’জন বিদেশি নাগরিক। স্থানীয় লস্কর-এ-তইবা-পন্থী জঙ্গি মহম্মদ লতিফ ভাট এই হামলার সঙ্গে যুক্ত কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তকারীরা নিশ্চিত একে ফরটি সেভেন রাইফেল দিয়ে হামলা করে জঙ্গিরা।
উল্লেখ্য, বুধবার দুপুর সোয়া ২টো নাগাদ এই ঘটনা ঘটে। হামলায় আহত হন তিন জওয়ান। কুলগামের মীরবাজারের কাছে সিআরপিএফের ৪৬ নম্বর ব্যাটেলিয়নের একটি চৌকি রয়েছে। জাতীয় সড়ক থেকে প্রায় চার কিলোমিটার ভিতরে ওই এলাকায় নাকা চেকিংয়ের দায়িত্বে ছিলেন জওয়ানরা। আচমকাই মোটরবাইকে করে সেখানে পৌঁছয় দুই হামলাকারী। এরপর স্বয়ংক্রিয় একে-৪৭ রাইফেল থেকে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা। পাল্টা জবাব দেন সিআরপিএফ জওয়ানরাও। তবে হামলার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী।
জম্মু-কাশ্মীরের কুলগামে (Kulgam) সিআরপিএফের উপর হামলার ঘটনায় ‘পাসদারান-ই-হুরিয়ত কাশ্মীর’ নামে একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। সংগঠনের মুখপাত্র মহম্মদ ওমর আজ্জামের নামে জারি করা ওই বিবৃতিতে সিআরপিএফ জওয়ানদের ‘ভারতীয় দখলদার বাহিনীর সদস্য’ বলে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, ‘হিন্দুত্ববাদী শাসনব্যবস্থা’ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) বিরুদ্ধে আগামী দিনে আরও বড় হামলার হুমকিও দেওয়া হয়েছে। বিবৃতিতে ‘কৃত্রিম শান্তি’র পরিবেশ ভেঙে দেওয়ার কথাও বলা হয়েছে।







