ওয়েব ডেস্ক : ডিজিটাল লেনদেন যত সহজ হয়েছে, ততই বেড়েছে ভুল অ্যাকাউন্টে টাকা পাঠানো এবং অনলাইন প্রতারণার আশঙ্কা। এই পরিস্থিতিতে বড় অঙ্কের অর্থ স্থানান্তরের ক্ষেত্রে নতুন সুরক্ষা ব্যবস্থা চালুর কথা ভাবছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। প্রস্তাব অনুযায়ী, ১০ হাজার টাকার বেশি পার্সন-টু-পার্সন বা ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে এক ঘণ্টার অপেক্ষার সময় রাখা হতে পারে। অর্থাৎ, টাকা পাঠানোর নির্দেশ দেওয়ার পরই প্রেরকের অ্যাকাউন্ট থেকে অর্থ কেটে নেওয়া হবে, কিন্তু সঙ্গে সঙ্গে প্রাপকের অ্যাকাউন্টে জমা পড়বে না।
এই অতিরিক্ত সময়ের মধ্যেই থাকছে লেনদেন বাতিল করার সুযোগ। কোনও ব্যক্তি ভুলবশত অন্য অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলে অথবা প্রতারণার বিষয়টি বুঝতে পারলে নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রান্সফার বন্ধ করতে পারবেন। আরবিআইয়ের আলোচনাপত্রে এই ব্যবস্থার প্রস্তাব রাখা হয়েছে। দ্রুত লেনদেনের সুবিধাকে বজায় রেখেই আর্থিক জালিয়াতির ঝুঁকি কমানো এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
এই ব্যবস্থা চালু হলে সব ধরনের ডিজিটাল পেমেন্টে অবশ্য কোনও পরিবর্তন আসবে না। দোকানে কিউআর কোড স্ক্যান করে টাকা দেওয়া, অনলাইন শপিং কিংবা ব্যবসায়িক লেনদেন আগের মতোই তাৎক্ষণিক রাখার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। মূলত ১০ হাজার টাকার বেশি ব্যক্তিগত অর্থ স্থানান্তরের ক্ষেত্রেই এক ঘণ্টার বিরতির বিষয়টি বিবেচনা করা হচ্ছে।







