ওয়েব ডেস্ক : ভারতের জ্যোতির্বিজ্ঞান শিক্ষা ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হল। দেশের প্রথম এলইডি ডোম প্ল্যানেটেরিয়াম ‘কসমস-মাইসুরু’-র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কর্নাটকের মাইসুরুতে তৈরি এই অত্যাধুনিক কেন্দ্রটি গড়ে তুলেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। ৮কে রেজোলিউশনের এলইডি ডোম ব্যবহারের জন্য এটি বিশ্বের প্রথম সারির কয়েকটি প্ল্যানেটেরিয়ামের মধ্যে জায়গা করে নিয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে মহাকাশ, নক্ষত্র এবং বিভিন্ন জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার দৃশ্য আরও স্পষ্ট ও জীবন্তভাবে তুলে ধরা সম্ভব হবে।
প্রচলিত প্ল্যানেটেরিয়ামে সাধারণত প্রজেকশন ব্যবস্থার সাহায্যে ছবি দেখানো হয়। কিন্তু কসমস-মাইসুরুর এলইডি ডোম প্রযুক্তিতে গোটা গম্বুজজুড়ে উচ্চ রেজোলিউশনের দৃশ্য ফুটিয়ে তোলা যাবে। ফলে পড়ুয়া, গবেষক এবং সাধারণ দর্শকদের কাছে মহাবিশ্বকে জানার অভিজ্ঞতা আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এই কেন্দ্র তৈরির পাশাপাশি মাইসুরু শহর ও সংলগ্ন গ্রামীণ এলাকায় গত তিন বছর ধরে জ্যোতির্বিজ্ঞান শিক্ষা প্রসারের উদ্যোগ চালিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। এই সময়ে ১৫০টিরও বেশি কর্মসূচির মাধ্যমে ৪০ হাজারের বেশি মানুষের কাছে পৌঁছেছে সেই উদ্যোগ। শহর ও গ্রামের স্কুলে বিভিন্ন অনুষ্ঠান, পড়ুয়া ও শিক্ষকদের কর্মশালা, জনসাধারণের জন্য বক্তৃতা, প্রযুক্তিগত আলোচনা এবং ইংরেজি ও কন্নড় ভাষায় অনলাইন সেশনের আয়োজন করা হয়েছে।
এছাড়াও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় গড়ে তোলা হয়েছে এবং জ্যোতির্বিজ্ঞান শিক্ষার প্রসারে তৈরি হয়েছে একাধিক সহযোগিতামূলক নেটওয়ার্ক। কন্নড় ও ইংরেজি ভাষায় সম্প্রচারিত হয়েছে ৬০টিরও বেশি পর্বের একটি রেডিও অনুষ্ঠান। এবার প্ল্যানেটেরিয়ামকে কেন্দ্র করে আরও পরিকল্পিত শিক্ষামূলক কর্মসূচি চালুর ভাবনা রয়েছে প্রতিষ্ঠানের। এর মধ্যে থাকবে প্রশিক্ষণ কর্মশালা, তথ্য বিশ্লেষণের পাঠ এবং এলইডি ডোমকে শিক্ষার কাজে ব্যবহার করে মহাকাশ পর্যবেক্ষণ ও বিজ্ঞানের বিভিন্ন বিষয় বোঝানোর উদ্যোগ। প্রচলিত শ্রেণিকক্ষের পাঠের বাইরে হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করাই এই কর্মসূচির লক্ষ্য। উন্নত প্রযুক্তি ও ইতিমধ্যে গড়ে ওঠা জনসংযোগের পরিকাঠামোর মাধ্যমে কসমস-মাইসুরু আগামী দিনে জ্যোতির্বিজ্ঞান শিক্ষা ও বিজ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে।







