HomeScrollপরপর সিলিন্ডার বিস্ফোরণের শব্দ, মুহূর্তে ছড়াল আগুন! বাগুইআটির বসতিতে ভয়াবহ ক্ষয়ক্ষতি
New town

পরপর সিলিন্ডার বিস্ফোরণের শব্দ, মুহূর্তে ছড়াল আগুন! বাগুইআটির বসতিতে ভয়াবহ ক্ষয়ক্ষতি

সিটি সেন্টার ২ সংলগ্ন মাঠপাড়ায় অগ্নিকাণ্ডে ছাই ২০ থেকে ২৫টি ঝুপড়ি, প্রাণহানির খবর নেই

ওয়েব ডেস্ক : ঘরবাড়ি বাঁচাতে ছোটাছুটি। চারদিকে ধোঁয়া আর আগুনের শিখা। শুক্রবার দুপুরে নিউটাউনের (New town) সিটি সেন্টার ২ সংলগ্ন মাঠপাড়ায় এমনই আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর সাড়ে ৩টে নাগাদ বসতিতে আগুন লাগে। তার পরেই পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে দাবি বাসিন্দাদের। আগুনের তীব্রতায় অল্প সময়ের মধ্যেই একের পর এক ঝুপড়ি পুড়ে যায়।

প্রাথমিকভাবে প্রায় ২০ থেকে ২৫টি ঝুপড়ি ভস্মীভূত হয়েছে বলে খবর। আগুন ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা নিজেরাই তা নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। পরিস্থিতি সামলাতে আসে বাগুইআটি ও ইকোপার্ক থানার পুলিশ। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর সামনে আসেনি।

আরও খবর :  শুভেন্দু অধিকারী ও যোগী আদিত্যনাথকে খুনের হুমকি? নিরাপত্তা সংস্থার দ্বারস্থ বিজেপি নেত্রী

অগ্নিকাণ্ডের পর বসতিতে বসবাসকারী মানুষের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, এই এলাকায় প্রায় ১৫০ থেকে ২০০ জন থাকেন। অধিকাংশ ঘর টিনের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাঁদের আরও অভিযোগ, এর আগেও একাধিকবার এই বসতিতে আগুন লেগেছে। প্রতিবারই ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে বাসিন্দাদের।

ঘটনাস্থলে যান রাজারহাট নিউটাউনের বিধায়ক পীযূষ কানোরিয়া। স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি দমকলকর্মীদের কাছ থেকে পরিস্থিতির খবর নেন তিনি। বিধায়কের বক্তব্য, বসতি খালি করার বিষয়ে আগেও আলোচনা হয়েছিল। তবে বাস্তবে সেই প্রক্রিয়া এগোয়নি বলে অভিযোগ উঠেছে।কী থেকে আগুনের সূত্রপাত, তা এখনও নিশ্চিত নয়। সিলিন্ডার বিস্ফোরণ আগুনের কারণ, নাকি আগুন লাগার পর সিলিন্ডার ফেটেছে, তা তদন্তের বিষয়। শর্ট সার্কিটের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News