ওয়েব ডেস্ক : দিল্লিতে (Delhi) সংসদ ভবন সংলগ্ন নর্থ ব্লক (North Block) চত্বরে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকাল প্রায় ১১টা নাগাদ নর্থ ব্লকের ছাদে থাকা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি বয়লারে আগুন লাগে বলে খবর। মুহূর্তের মধ্যে সেখান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ছ’টি ইঞ্জিন। দমকল বিভাগের দাবি, ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভবনের ছাদে একটি এসি বয়লারে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেই সময় আচমকা শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে জানিয়েছে দমকল বিভাগ। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।
আরও খবর : রাহুল গান্ধীর কনভয়ে দুর্ঘটনা, অ্যাম্বুল্যান্সের সঙ্গে ধাক্কা পাঁচ গাড়ির, আহত একাধিক
রাইসিনা হিলে অবস্থিত নর্থ ব্লক দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন। লাল বেলেপাথরে নির্মিত এই ঐতিহাসিক ভবনে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ দফতর রয়েছে। তাই রাজধানীর প্রশাসনিক কেন্দ্রের কাছাকাছি আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়। দ্রুত দমকল পৌঁছে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।
সংসদে যাওয়ার পথে নর্থ ব্লকের পিছন দিক থেকে ধোঁয়া উঠতে দেখেন সাংসদ মিলিন্দ দেওরা। সমাজমাধ্যমে তিনি জানান, ভবনের পিছন দিক থেকে ঘন ধোঁয়া বেরোতে দেখে আগুন লাগার আশঙ্কা করেছিলেন। একই সঙ্গে সকলের নিরাপত্তা কামনা করে জরুরি পরিষেবার দ্রুত পদক্ষেপের আশা প্রকাশ করেন তিনি।
Noticed thick smoke rising from behind North Block while on my way to Parliament. It appears there may be a fire. Hope everyone is safe and emergency services are responding swiftly. https://t.co/mnUqpWfsWl
— Milind Deora | मिलिंद देवरा (@milinddeora) October 26, 2026






