ওয়েব ডেস্ক : অমিত শাহকে নিয়ে মন্তব্যের জেরে দায়ের হওয়া ২০১৮ সালের ফৌজদারি মানহানির মামলা থেকে বেকসুর খালাস পেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোমবার উত্তরপ্রদেশের সুলতানপুরের বিশেষ সাংসদ-বিধায়ক আদালত তাঁকে নির্দোষ ঘোষণা করে। রায় ঘোষণার সময় আদালতে সশরীরে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা । আদালতের পর্যবেক্ষণ, তাঁর মন্তব্য মানহানিকর নয়।
কী বলেছিলেন রাহুল গান্ধী?
২০১৮ সালে কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে বেঙ্গালুরুতে একটি নির্বাচনী সভায় তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহকে (Amit Shah) নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। সেই বক্তব্যে তিনি অমিত শাহের বিরুদ্ধে একটি খুনের মামলায় অভিযুক্ত থাকার প্রসঙ্গ তোলেন। পাশাপাশি সততা ও স্বচ্ছ রাজনীতির কথা বলা বিজেপির সভাপতি পদে এমন একজনের থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।
আরও খবর : রাহুল গান্ধীর কনভয়ে দুর্ঘটনা, অ্যাম্বুল্যান্সের সঙ্গে ধাক্কা পাঁচ গাড়ির, আহত একাধিক
কেন দায়ের হয়েছিল মামলা?
রাহুলের ওই মন্তব্যের পর তৎকালীন বিজেপির জেলা সহ-সভাপতি বিজয় মিশ্র তাঁর বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় দায়ের হওয়া এই মামলায় অভিযোগ করা হয়, রাহুলের বক্তব্য অমিত শাহের সুনাম ক্ষুণ্ণ করেছে। ২০২৩ সালে আদালতের সমন পাওয়ার পর মামলায় হাজিরা দেন রাহুল গান্ধী এবং জামিন পান।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর রায়
প্রায় পাঁচ বছর ধরে চলা আইনি প্রক্রিয়ার পর মামলাটির রায় ঘোষণার দিন ধার্য হয় ২৬ অক্টোবর। তার আগে উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি আরাধনা মিশ্র জানিয়েছিলেন, তাঁদের বিচারব্যবস্থার উপর পূর্ণ আস্থা রয়েছে। এদিন আদালত রাহুল গান্ধীকে বেকসুর খালাস করে।






