ওয়েব ডেস্ক : কলকাতার অন্যতম অভিজাত আবাসন সাউথ সিটিতে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ছড়াল তীব্র আতঙ্ক। শুক্রবার সকালে আবাসনের ৩ নম্বর টাওয়ারের ২৭ তলায় আগুন দেখতে পান বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা আবাসন চত্বরে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকলকর্মীরা।
অগ্নিকাণ্ডের জেরে বন্ধ করে দেওয়া হয় লিফট পরিষেবা। ফলে বহুতলের উপরের তলাগুলিতে থাকা বাসিন্দাদের সিঁড়ি দিয়ে নামিয়ে আনতে শুরু করেন উদ্ধারকারীরা। শিশু ও প্রবীণদেরও সিঁড়ি ব্যবহার করে নীচে নামতে হয়। আচমকা এই পরিস্থিতিতে আবাসনের ভিতরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ৩০ তলাবিশিষ্ট টাওয়ারের ২৭ তলায় আগুন লাগায় দমকলকর্মীদেরও আগুনের উৎসে পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হয়। ঘটনার পর পুলিশও সেখানে পৌঁছেছে।
আরও খবর : অর্ণব দুর্বল, সাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি! ৪ নভেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রাজ্যে
কী কারণে আগুন, স্পষ্ট নয়
প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। দমকলের তরফে দ্রুত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। দ্রুত তা নিয়ন্ত্রণে আসনে বলে জানাচ্ছে দমকল।






