ওয়েব ডেস্ক: হিমালয়ের কোলে বদ্রীনাথকে ঘিরে নতুন করে উদ্বেগ। চার ধামের অন্যতম এই তীর্থক্ষেত্রের উপর ঝুলছে তিনটি হিমবাহ। গবেষকদের আশঙ্কা, ওই হিমবাহগুলির কোনও একটিতে ফাটল ধরলে বিপুল পরিমাণ বরফ নীচে নেমে এসে ভয়াবহ তুষারধসের সৃষ্টি করতে পারে। তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে বদ্রীনাথের জনবসতি, বাড়িঘর, রাস্তাঘাট এবং কৃষিজমি।
‘ভারতের হিমালয়ের বদ্রীনাথ জনপদে ঝুলন্ত হিমবাহ থেকে সৃষ্ট তুষারধসের ঝুঁকি মূল্যায়ন’ শীর্ষক একটি গবেষণায় এই বিপদের কথা উঠে এসেছে। গবেষণায় বদ্রীনাথের উপর থাকা তিনটি ঝুলন্ত হিমবাহের সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করা হয়েছে। কোনও একটি হিমবাহের বরফের স্তূপ ভেঙে নীচে নেমে এলে তার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে, তা নিয়েই সতর্ক করেছেন গবেষকেরা।
তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতির মাত্রা একাধিক বিষয়ের উপর নির্ভর করবে। বরফের পরিমাণের পাশাপাশি কত দূর পর্যন্ত তা নীচে নেমে আসছে, পাহাড়ের ঢালের প্রকৃতি এবং জমির গঠনও গুরুত্বপূর্ণ। ফলে হিমবাহ ভাঙলেই গোটা এলাকা ধ্বংস হয়ে যাবে, এমন কোনও নিশ্চিত পূর্বাভাস গবেষণায় দেওয়া হয়নি।
গবেষণায় বিপর্যয়ের ঝুঁকি কমাতে আগাম প্রস্তুতির উপর জোর দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলি চিহ্নিত করে পৃথক ভাবে পরিকল্পনা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পাহাড়ি এলাকায় নির্মাণকাজের উপর নিয়ন্ত্রণ এবং নজরদারি বাড়ানোর কথাও বলা হয়েছে।
প্রাকৃতিক বিপর্যয় পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও আগাম সতর্কতা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং যথাযথ পরিকল্পনার মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। বদ্রীনাথের ক্ষেত্রে সেই প্রস্তুতি কতটা কার্যকর করা যায়, এখন সেটাই গুরুত্বপূর্ণ।






