ওয়েব ডেস্ক : উত্তরাখণ্ডে চারধাম যাত্রার মরশুম শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। তার মধ্যেই হেলিকপ্টার পরিষেবা (Char Dham Helicopter Services) নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। প্রতিটি উড়ানে দু’জন পাইলট থাকা বাধ্যতামূলক করেছে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA)। আগামী ২ নভেম্বর থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা। কিন্তু নতুন নির্দেশ মানতে নারাজ চারধাম যাত্রায় যুক্ত একাধিক হেলিকপ্টার সংস্থা। নিয়ম প্রত্যাহার না হলে ওই দিন থেকেই পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে তারা।
গত ৩১ অক্টোবর ডিজিসিএ-র কাছে পাঠানো যৌথ চিঠিতে অপারেটররা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে নতুন নিয়ম কার্যকর করা তাদের পক্ষে সম্ভব নয়। তাঁদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত কোনও সমাধান না পাওয়া পর্যন্ত চারধাম যাত্রার চার্টার পরিষেবা বন্ধ রাখা হতে পারে।
এই সিদ্ধান্ত কার্যকর হলে সমস্যায় পড়তে পারেন বহু তীর্থযাত্রী। বিশেষ করে কেদারনাথ যাওয়ার জন্য যাঁরা ইতিমধ্যেই হেলিকপ্টারের টিকিট বুক করেছেন, তাঁদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কারণ, চারধাম যাত্রার মরশুম শেষ হতে হাতে রয়েছে মাত্র ১০ থেকে ১৫ দিন। এত কম সময়ের মধ্যে অতিরিক্ত পাইলটের ব্যবস্থা করা কঠিন বলে দাবি সংস্থাগুলির। পাশাপাশি বাতিল হওয়া টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াও জটিল হতে পারে।
বাড়তি খরচের বোঝা নিয়ে আপত্তি
ডিজিসিএ-র কাছে পাঠানো চিঠিতে হেলিকপ্টার সংস্থাগুলি জানিয়েছে, বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়ন্ত্রক সংস্থার। সেই দায়িত্বের প্রতি তাদের পূর্ণ সম্মান রয়েছে। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে পর্যাপ্ত আলোচনা না করে নতুন নিয়ম চালু করার সিদ্ধান্তে আপত্তি রয়েছে তাদের।
অপারেটরদের বক্তব্য, প্রতিটি উড়ানে দু’জন পাইলট রাখলে পরিচালন ব্যয় অনেকটাই বেড়ে যাবে। পাইলটদের বেতন ছাড়াও থাকা-খাওয়া, যাতায়াত, কর্মী ব্যবস্থাপনা এবং অন্যান্য পরিকাঠামোগত খরচ বাড়বে। বর্তমান ভাড়ার কাঠামোয় এই অতিরিক্ত ব্যয় বহন করা সম্ভব নয় বলেও দাবি তাদের। যাত্রীদের উপর পুরো খরচ চাপিয়ে দেওয়াও বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে সংস্থাগুলি। তাদের আরও দাবি, হিমালয়ের দুর্গম এলাকায় পরিষেবা চালানোর ক্ষেত্রে তারা এতদিন ডিজিসিএ-র নির্ধারিত নিরাপত্তা বিধি মেনেই কাজ করেছে। নিরাপত্তার স্বার্থে নতুন ব্যবস্থা চালু করতে হলে তা বাস্তবসম্মত এবং আর্থিকভাবে কার্যকর হওয়া প্রয়োজন। এই বিষয়ে ডিজিসিএ এবং উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির (ইউসিএডিএ) সঙ্গে আলোচনার আর্জি জানিয়েছে তারা।
আরও খবর : ‘১০ লক্ষের জমায়েতের দাবি, মাঠের ৪০ শতাংশ ফাঁকা’, দিল্লির বিরোধী সমাবেশকে কটাক্ষ বিজেপির
বদ্রীনাথের দুর্ঘটনার পরেই নতুন নির্দেশ
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর উত্তরাখণ্ডের চামোলি জেলায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান বিমানে থাকা ছয়জন। তাঁদের মধ্যে ছিলেন পাইলটও। বদ্রীনাথ থেকে পাঁচ যাত্রীকে নিয়ে ওড়ার পর জোশীমঠ উপত্যকার উপর দিয়ে যাওয়ার সময় হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুপুর প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ সেটির যোগাযোগ ব্যবস্থা এবং ট্র্যাকিং সিস্টেম কাজ করা বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। শেষ পর্যন্ত চায়ি গ্রামের কাছে দুর্ঘটনাস্থল থেকে ছয়জনের দেহ উদ্ধার করা হয়। মৃত পাইলট হিমাংশু সাবরওয়াল দিল্লির বাসিন্দা ছিলেন। ট্রান্স ভারত এভিয়েশন নামে একটি বেসরকারি সংস্থা ওই হেলিকপ্টার পরিচালনা করছিল।
দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ডিজিসিএ (DGCA)। প্রাথমিক পর্যায়ের নিয়ন্ত্রক মূল্যায়নের জন্য আধিকারিকদের একটি দল দেরাদুনে পাঠানো হয়েছে। সতর্কতামূলChar Dham Helicopter Servicesক ব্যবস্থা হিসেবে ট্রান্স ভারত এভিয়েশনের সমস্ত হেলিকপ্টারের উড়ানও বন্ধ রাখা হয়েছে। এই দুর্ঘটনার পরেই প্রতিটি হেলিকপ্টারে দু’জন পাইলট রাখার নির্দেশ জারি করে বিমান নিয়ন্ত্রক সংস্থা।







