HomeScrollছট পুজো মামলায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরের সভা ও চোরবাগানের দুর্ঘটনার প্রসঙ্গ
Rasmoni Ghat Chhath Puja

ছট পুজো মামলায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরের সভা ও চোরবাগানের দুর্ঘটনার প্রসঙ্গ

হাওড়ার রাসমণি ঘাটে ছটপুজোর অনুমতি সংক্রান্ত মামলার শুনানিতে ব্যক্তিগত সম্পত্তির অধিকার, বিকল্প ঘাটের পরিকাঠামো এবং নিরাপত্তা নিয়ে একাধিক বক্তব্য উঠে এল আদালতে

ওয়েব ডেস্ক : হাওড়ার রাসমণি ঘাটের ছটপুজো মামলায় উঠে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরের সভা ও চোরবাগানের দুর্ঘটনার প্রসঙ্গ। প্রধান বিচারপতির মন্তব্য, পুজোর অবকাশের আগে শ্রীরামপুরের একটি রাজনৈতিক সভার অনুমোদন সংক্রান্ত শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বলেছিলেন, ব্যক্তিগত সম্পত্তির মালিকের অনুমতি ছাড়া সেই সম্পত্তিতে কোনও কর্মসূচি করার অনুমোদন দেওয়া যায় না। পাশাপাশি রাসমণি ঘাটের মন্দির কমিটির পক্ষের আইনজীবী শাক্য সেন জানান, সংকীর্ণ জায়গা দিয়ে হাজার হাজার মানুষ ঘাটে যাতায়াত করেন। ফলে যে কোনও সময় চোরবাগানের মতো দুর্ঘটনা ঘটতে পারে। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি মন্তব্য করেন, চোরবাগানের দুর্ঘটনার মূল কারণ ছিল সংকীর্ণ পরিসর। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

রাসমণি ঘাটে ছটপুজো নিয়ে আপত্তি রয়েছে ঘাটের ব্যক্তিগত সম্পত্তির মালিকদের। এই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হয় ছটপুজো কমিটি। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, অন্য ঘাটে পুজোর ব্যবস্থা করা হলে সেখানে মানুষের ভিড়ে চোরবাগানের মতো দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি বিকল্প ঘাটগুলির অবস্থাও খুব একটা ভালো নয়। তাই অন্তত চলতি বছরের জন্য রাসমণি ঘাটে ছটপুজোর অনুমতি দেওয়ার আবেদন জানায় রাজ্য। এরপর প্রধান বিচারপতি বলেন, ব্যক্তিগত সম্পত্তির মালিক অনুমতি না দিলে সেখানে কোনও বিষয়ে আদালত নির্দিষ্টভাবে রায় দিতে পারে না। পুজোর অবকাশের আগে শ্রীরামপুরের সভার ক্ষেত্রেও রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল একই বক্তব্য জানিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।

আরও খবর :  আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু, ৭ লক্ষের বেশি উপভোক্তার জন্য বাড়তি সুবিধার ঘোষণা মুখ্যমন্ত্রীর

সম্পত্তির মালিকের অনুমোদন সাপেক্ষে শর্তসাপেক্ষে হাওড়ার রাসমণি ঘাটে চলতি বছরের জন্য ছটপুজোর অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রায়ের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, এ বছরই শেষবারের মতো ওই ব্যক্তিগত সম্পত্তিতে ছটপুজো করা যাবে। আগামী বছর থেকে সেখানে আর কোনও ছটপুজোর অনুমতি দেওয়া হবে না। এমনকী, পরের বছর থেকে এই অনুমতি চেয়ে কেউ আদালতে মামলা দায়ের করতে পারবেন না। শনিবার দুপুর থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত পুজো করা যাবে। সর্বাধিক ৩৫০০ জনের সমাগম নিশ্চিত করতে হবে। এই সংখ্যা পূর্ণ হলেই পুলিশ প্রবেশ বন্ধ করবে। পুলিশকে সিসিটিভি ক্যামেরা ও মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করতে হবে। ছটপুজো কমিটির ছয় সদস্যের নাম আদালতে নথিভুক্ত করা হয়েছে। সম্পত্তির কোনও ক্ষতি বা অপ্রীতিকর ঘটনা ঘটলে তাঁদের দায় নিতে হবে। সম্পত্তির এলাকায় দু’চাকা-সহ কোনও যানবাহন প্রবেশ করতে পারবে না। মহিলাদের পোশাক পরিবর্তনের ঘর ছাড়া অন্য কোনও অস্থায়ী নির্মাণ করা যাবে না। আদালতের নির্দেশ মাইকের মাধ্যমে প্রচার করতে হবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News