HomeScrollমুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে ৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার নন্দকুমারের বিজেপি...
BJP Leader Arrested

মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে ৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার নন্দকুমারের বিজেপি নেতা

চাকরি ও ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ অভিজিৎ করণের বিরুদ্ধে। দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের।

ওয়েব ডেস্ক : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম ভাঙিয়ে প্রায় ৬ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার নন্দকুমারের বিজেপি নেতা (BJP Leader Arrested) অভিজিৎ করণ। তিনি বিজেপির নন্দকুমার-১ মণ্ডল কমিটির সহ-সভাপতি। চাকরি পাইয়ে দেওয়া এবং ঠিকাদারি কাজের বরাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শনিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। রবিবার পূর্ব মেদিনীপুরের সিজেএম আদালতে পেশ করা হলে ধৃতকে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গত ছ’মাসে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় টাকা তুলেছেন অভিজিৎ। চাকরি এবং সরকারি কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিষয়টি বিজেপি নেতৃত্বের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছনোর পর পুলিশি পদক্ষেপের নির্দেশ আসে বলে দাবি অভিযোগকারীদের।

আরও খবর :  মাত্র ১০০ টাকা কালীপুজোর চাঁদা না দেওয়ায় আগুন! পুড়ে ছাই মৎস্যজীবীর মাছের ভেড়ির ঘর

গত ১১ নভেম্বর নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য রিপুঞ্জয় প্রামাণিক থানায় অভিজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনে প্রার্থী করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন অভিজিৎ। দিল্লিতে নিয়ে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করানোর পর কলকাতার একটি হোটেলে ওই টাকা নেওয়া হয় বলে দাবি রিপুঞ্জয়ের। এখনও সেই টাকা ফেরত পাননি বলেও অভিযোগ তাঁর। খঞ্চির এক বিজেপি নেতার কাছ থেকেও একইভাবে ৬ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দাবি, অভিজিতের দিল্লির বিজেপি দফতরে যাতায়াত ছিল এবং দলের একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। সম্প্রতি উত্তরবঙ্গের কয়েকজনও টাকা দিয়েও প্রতিশ্রুত চাকরি না পাওয়ার অভিযোগ তোলেন। এরপর স্থানীয় বিধায়ক ও রাজ্য নেতৃত্বের মাধ্যমে বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনা হয় বলে জানা গিয়েছে।

অভিযুক্তকে গ্রেফতারের পর পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। শনিবার মুখ্যমন্ত্রী কাঁথি থেকে কলকাতা যাওয়ার পথে নন্দকুমারে থেমে স্থানীয় থানার ওসি দিলীপকুমার গুপ্তর কাছে অভিজিতের গ্রেফতারির বিষয়ে জানতে চান বলে অভিযোগে উল্লেখ রয়েছে। অন্যদিকে, আদালত থেকে বেরনোর সময় অভিজিৎ করণ দাবি করেন, তাঁকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে। ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগও অস্বীকার করেছেন তিনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News