HomeScrollঅন্ধ্রের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে ভিজবে বাংলা! দক্ষিণবঙ্গে...
Weather news

অন্ধ্রের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে ভিজবে বাংলা! দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

কলকাতা: বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘আকভান’। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা এই ঘূর্ণিঝড়ের। তবে তার প্রভাবে বুধবার থেকেই বদলাতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে একাধিক জেলায়।

নভেম্বরের মাঝামাঝি ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ক্রমশ শক্তি সঞ্চয় করে বৃহস্পতিবার, ১৯ নভেম্বর রাতে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছতে পারে সেটি। মছলিপত্তনমের কাছে ঘূর্ণিঝড়টির স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বাংলায় সরাসরি আছড়ে না পড়লেও এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি সোমবার ভোরে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়। পরে সন্ধ্যায় সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। মঙ্গলবার সন্ধ্যার মধ্যে শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তি সঞ্চয় করতে পারে ‘আকভান’। বৃহস্পতিবার রাতে অতি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছনোর পূর্বাভাস রয়েছে।

কেমন থাকবে বাংলার আবহাওয়া?

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে বুধবার থেকে বদলাতে পারে পরিস্থিতি। উপকূলবর্তী এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে।

বিসর্জনের দিন ভারী বৃষ্টির আশঙ্কা

বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলা ছাড়াও উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি ও হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার আরও বাড়বে বৃষ্টির দাপট?

শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর ২৪ পরগনা, কলকাতা ও হাওড়ার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

ফলে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন এবং সপ্তাহান্তে যাতায়াতের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখতে বলা হয়েছে।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News