কলকাতা: আসানসোল থেকে কলকাতা ফেরার পথে জাতীয় সড়কে হাঁসের দল দেখতে পান মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দুর্ঘটনার আশঙ্কায় কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে নিজেই হাঁসগুলিকে নিরাপদ জায়গায় সরিয়ে দিলেন তিনি। পাশাপাশি হাঁসের মালিককে দিলেন বিশেষ পরামর্শ।
জাতীয় সড়কের উপর দিয়ে ঘোরাঘুরি করছিল একদল হাঁস। আচমকাই সেই দৃশ্য নজরে আসে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। আর দেরি করেননি তিনি। থামিয়ে দেন নিজের কনভয়। গাড়ি থেকে নেমে হাঁসগুলির দিকে ছুটে যান মন্ত্রী। প্রায় ২০০ মিটার এগিয়ে হাঁসগুলিকে নিরাপদ জায়গায় পৌঁছে দেন তিনি।
সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে রাজবাঁধ এলাকায় জাতীয় সড়কের উপর। জানা গিয়েছে, আসানসোল থেকে কলকাতার দিকে যাচ্ছিল অগ্নিমিত্রা পালের কনভয়। সেই সময় রাস্তার মাঝখানে হাঁসের দলকে ঘোরাঘুরি করতে দেখে কনভয় থামানোর নির্দেশ দেন মন্ত্রী। এরপর নিজেই হাঁসগুলিকে ডাকতে ডাকতে রাস্তার পাশের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যান। মন্ত্রীর এই উদ্যোগ দেখে আশপাশের লোকজনও সেখানে জড়ো হন।
কিন্তু হাঁসগুলি কার? কেনই বা জাতীয় সড়কের উপর এভাবে ছেড়ে রাখা হয়েছিল তাদের? খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় একটি পেট্রল পাম্পের মালিক প্রকাশ দাস ওই হাঁসগুলি পোষেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছন তিনিও। তাঁর কাছে হাঁসগুলিকে এভাবে রাস্তায় ছেড়ে রাখার কারণ জানতে চান মন্ত্রী।
অগ্নিমিত্রা বলেন, এভাবে জাতীয় সড়কের উপর হাঁস ঘোরাঘুরি করলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাতে প্রাণীগুলির যেমন মৃত্যু হতে পারে, তেমনই বিপদে পড়তে পারেন গাড়ির চালক ও সাধারণ মানুষ। তাই হাঁসগুলিকে আলাদা এবং নিরাপদ জায়গায় রাখার পরামর্শ দেন তিনি।
এমনকী পেট্রল পাম্পের পিছনে থাকা ফাঁকা জায়গায় হাঁসগুলির জন্য বড় পরিসরে থাকার ব্যবস্থা করার কথাও বলেন মন্ত্রী। পাশাপাশি হাঁসদের জলাশয়ের অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেটি পরিষ্কার করার পরামর্শ দেন। তাঁর বক্তব্য, শুধু পোষ্য রাখলেই দায়িত্ব শেষ হয় না, তাদের প্রতি যত্নশীল হওয়াও জরুরি।
মন্ত্রীকে আশ্বস্ত করে হাঁসের মালিক প্রকাশ দাস জানান, তাঁর পরামর্শ মেনেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






