ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ (Bohurupi: The Golden Daku) নিয়ে দর্শকদের উৎসাহ আরও বাড়িয়ে দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানিয়েছেন, জনপ্রিয় চরিত্র বিক্রম প্রামাণিকের ভূমিকায় ফের বড় পর্দায় ফিরছেন তিনি। উইন্ডোজ প্রোডাকশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে নির্মিত এই ছবিকে বিশেষ নিবেদন বলেও উল্লেখ করেছেন অভিনেতা-পরিচালক।
শিবপ্রসাদের (Shiboprosad Mukherjee) কথায়, ছবির (Movie) নির্মাণ ছিল বিশাল আয়োজনের। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত মিলিয়ে মোট ৯৬টি লোকেশনে হয়েছে শুটিং। হাসনাবাদ, টাকি, বারাসাত, বর্ধমান, বোলপুর, বিষ্ণুপুর ও মালদাসহ একাধিক জেলায় চিত্রগ্রহণ করা হয়েছে। এই ছবির সঙ্গে প্রায় আড়াই হাজার সিনিয়র ও জুনিয়র শিল্পী কাজ করেছেন।
আরও খবর : ‘কৈকেয়ী’ না টিভি সিরিয়ালের খলনায়িকা? ‘রামায়ণ’-এ লারা দত্তর লুক ঘিরে নেটদুনিয়ায় তুমুল বিতর্ক
আগের ছবির মতো এবারও বহুরূপী শিল্পীদের দেখা যাবে। তবে নতুন সংযোজন হিসেবে থাকছেন মালদার গম্ভিরা শিল্পীরা। তাঁদের লোকগান, মুখোশ নাচ এবং ঐতিহ্যবাহী পরিবেশনা ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে। ফলে ছবিতে বাংলার লোকসংস্কৃতির একটি বড় অংশও ফুটে উঠবে বলে মনে করা হচ্ছে।
এদিকে শুটিংয়ের অভিজ্ঞতার কথাও ভাগ করে নিয়েছেন শিবপ্রসাদ (Shiboprosad Mukherjee)। তিনি জানান, নির্বাচনের কারণে শুটিংয়ের সময়সূচিতে পরিবর্তন আনতে হয়েছিল। পরে মে মাসের তীব্র গরমের মধ্যেও টানা কাজ চালিয়ে যায় পুরো ইউনিট। ছবির সঙ্গে যুক্ত কলাকুশলী ও প্রযুক্তিবিদদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাঁদের অক্লান্ত পরিশ্রমেই কঠিন পরিস্থিতির মধ্যেও শুটিং সফলভাবে শেষ করা সম্ভব হয়েছে।







