HomeScrollমিলানে হিংসাত্মক বিক্ষোভের জের, নিরাপত্তা জোরদারে আরও ৫০০ সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইতালির
Italy

মিলানে হিংসাত্মক বিক্ষোভের জের, নিরাপত্তা জোরদারে আরও ৫০০ সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইতালির

১৪ বছরের বেশি বয়সিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওয়েব ডেস্ক : ইতালির মিলানে (Milan) হিংসাত্মক বিক্ষোভ ও লুটপাটের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার সিদ্ধান্ত নিল সরকার। মঙ্গলবার নতুন নিরাপত্তা সংক্রান্ত একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। বছরের শেষ পর্যন্ত মিলানে অতিরিক্ত ৫০০ সেনা মোতায়েন করা হবে। পাশাপাশি নাবালকদের অপরাধের ক্ষেত্রে অভিভাবকদের দায়বদ্ধতা বাড়ানো এবং ১৪ বছরের বেশি বয়সিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি মিলানের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় বিক্ষোভের নামে ভাঙচুর, দোকানে লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শনিবার ও রবিবারের এই অশান্তিতে বহু পুলিশকর্মী আহত হন। প্রশাসনের দাবি, দু’দিনে ১০০-রও বেশি পুলিশকর্মী আহত হয়েছেন। শনিবার রাতের ঘটনায় প্রায় ২,০০০ তরুণ অংশ নিয়েছিল বলে জানিয়েছে মিলান পুলিশ। সপ্তাহান্তে গ্রেফতার হওয়া প্রায় ৫০ জনের মধ্যে ৩০ জনেরও বেশি নাবালক।

আরও খবর :  রাশিয়ার তেলঘাঁটিতে ইউক্রেনের ১০০০ ড্রোন হামলা, সেন্ট পিটার্সবার্গে আগুন

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, এত সংখ্যক তরুণের হিংসাত্মক ঘটনায় জড়িয়ে পড়া উদ্বেগজনক। তাঁর বক্তব্য, ভাঙচুর ও লুটপাটের ছবি তুলে তা ছড়িয়ে দেওয়ার প্রবণতা বন্ধ করা জরুরি, যাতে অন্যরাও এই ধরনের কাজ করতে উৎসাহিত না হয়।

নতুন নির্দেশ অনুযায়ী, হিংসাত্মকভাবে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য পৃথক অপরাধের বিধান আনা হচ্ছে। এই অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার ইউরো পর্যন্ত জরিমানার সংস্থান রাখা হয়েছে। অভিযুক্ত মুখ ঢেকে রাখলে বা ঘটনায় কেউ আহত হলে শাস্তি আরও বাড়তে পারে। বিক্ষোভে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দিতে হবে সংশ্লিষ্টদের। নাবালকদের কারণে ক্ষতি হলে দায় বর্তাবে তাদের অভিভাবকদের উপরও।

তবে এই সরকারি নির্দেশ কার্যকর রাখতে আগামী ৬০ দিনের মধ্যে সংসদে তা আইনে পরিণত করতে হবে। ইতালিতে এই পদক্ষেপের মধ্য দিয়ে হিংসাত্মক বিক্ষোভ ও নাবালকদের অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক কড়াকড়ি বাড়ানোর বার্তা দিল সরকার।

[youtube-feed feed=1]
Read More

Latest News