ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পানামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ এমভি ওশান উইনার (MV Ocean Winner) থেকে দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হল। শনিবার রাতে দুটি লাইফ র্যাফ্ট থেকে তাঁদের উদ্ধার করে কাছাকাছি থাকা বাণিজ্যিক জাহাজ এমটি আইসোপোস।
জানা গিয়েছে, জাহাজটিতে মোট ২৪ জন ক্রু সদস্য ছিলেন। তাঁদের মধ্যে ২০ জন চিনা নাগরিক, তিন জন মায়ানমারের নাগরিক এবং এক জন বাংলাদেশের নাগরিক। ওডিশার পারাদীপ উপকূল থেকে প্রায় ২৩০-২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে ডুবে যায় এমভি ওশান উইনার (MV Ocean Winner)। জাহাজটি পারাদীপ থেকে লৌহ আকরিক নিয়ে চিনের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে।
আরও খবর : ‘ডে অফ সাইলেন্স’-এর নিয়ম ভেঙে সৈকতে সুইস পর্যটক, ধর্মীয় রীতিকে অপমানের অভিযোগে ১ বছরের জেল
বিপদসংকেত পাওয়ার পরই উদ্ধারকাজ শুরু করে ভারতীয় নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনী। কাছাকাছি থাকা এমটি আইসোপোসকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে লাইফ র্যাফ্টে থাকা দুই জনকে উদ্ধার করা সম্ভব হয়।
এদিকে বাকি ২২ জন ক্রু সদস্যের সন্ধানে তল্লাশি আরও জোরদার করা হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তিনটি জাহাজ সমুদ্রে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি ভারতীয় নৌসেনার নজরদারি বিমানও উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে। কী কারণে জাহাজটি ডুবে গেল, তা এখনও স্পষ্ট নয়। নিখোঁজদের সন্ধানেই এখন মূল নজর উদ্ধারকারী দলগুলির।







