HomeScrollচোরবাগান কাণ্ডের পর কড়া পদক্ষেপ! বড় পুজোমণ্ডপে চিকিৎসক মোতায়েন, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল...
Chorbagan Incident

চোরবাগান কাণ্ডের পর কড়া পদক্ষেপ! বড় পুজোমণ্ডপে চিকিৎসক মোতায়েন, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল স্বাস্থ্যভবনের

কলকাতা: চোরবাগানের মর্মান্তিক ঘটনার পর পুজোর ভিড় সামলাতে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে স্বাস্থ্যভবন। বড় পুজোমণ্ডপগুলিতে চিকিৎসক ও মেডিক্যাল টিম মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসক, আধিকারিক এবং স্বাস্থ্যকর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

শনিবার জারি করা নির্দেশিকায় কলকাতার একাধিক বড় পুজোমণ্ডপের জন্য মেডিক্যাল টিমের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এনআরএস, আরজি কর, কলকাতা মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ এবং এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।

 

সন্তোষ মিত্র স্কোয়ার, টালা প্রত্যয়, কলেজ স্কোয়ার, একডালিয়া এভারগ্রিন এবং চেতলা অগ্রণীর মতো পুজোমণ্ডপে মেডিক্যাল টিম থাকবে। বিকেল ৫টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত প্রতিটি নির্দিষ্ট মণ্ডপে একজন করে চিকিৎসক মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শুধু মণ্ডপে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করাই নয়, হাসপাতালগুলিতেও জরুরি চিকিৎসা পরিষেবা সচল রাখার উপর জোর দেওয়া হয়েছে। অর্থোপেডিক, নিউরোসার্জন এবং অ্যানাস্থেটিস্টদের হাসপাতালে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি অ্যাম্বুল্যান্স, রক্ত এবং অক্সিজেনের পর্যাপ্ত জোগান বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশ অমান্য করলে সাসপেনশনের মুখে পড়তে হতে পারে বলেও স্বাস্থ্যভবন সতর্ক করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এদিকে, দক্ষিণেশ্বরে দর্শনার্থীদের ভিড় এবং টাকিতে বিসর্জনের জমায়েতের কথা মাথায় রেখে উত্তর ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বাড়তি সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

চোরবাগানের ঘটনায় প্রাণহানির পর পুজোর বাকি দিনগুলিতে যাতে জরুরি চিকিৎসা পেতে দেরি না হয়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। উৎসবের আনন্দের পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News