HomeScrollপুজোর আগেই রাজ্যের ৫৫২ থানায় ১১২ গাড়ি, মহালয়ায় ব্রিগেড থেকে উদ্বোধনের ঘোষণা...

পুজোর আগেই রাজ্যের ৫৫২ থানায় ১১২ গাড়ি, মহালয়ায় ব্রিগেড থেকে উদ্বোধনের ঘোষণা শুভেন্দুর

প্রাকৃতিক বিপর্যয় হোক কিংবা আচমকা আইনশৃঙ্খলার অবনতি, দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে এবার রাজ্যের প্রতিটি থানায় থাকবে ১১২ কুইক রেসপন্স গাড়ি। পুজোর আগেই রাজ্যের ৫৫২টি থানায় একটি করে এই গাড়ি পৌঁছে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার লালবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন তিনি। পরিকল্পনা অনুযায়ী, মহালয়ার দিন ব্রিগেড থেকে ৫৫২টি গাড়ির উদ্বোধন হতে পারে।

পুলিশ বাহিনীর পরিকাঠামো ও কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি থানাগুলির আধুনিকীকরণের উপরও জোর দেওয়ার কথা জানিয়েছেন শুভেন্দু। মহিলা হেল্পডেস্ক আরও উন্নত করা এবং সাইবার অপরাধ মোকাবিলায় নজরদারি বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। সাইবার প্রতারণায় সাধারণ মানুষের সঞ্চয় হারানোর প্রসঙ্গ তুলে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন পুলিশমন্ত্রী।

দুর্যোগ মোকাবিলায় আরও দক্ষ বাহিনী গড়ার উদ্যোগের কথাও এ দিন সামনে এসেছে। সিভিল ডিফেন্সে ২০০ জনের একটি নতুন ব্রিগেড তৈরি করা হচ্ছে বলে জানান শুভেন্দু। তার নাম দেওয়া হয়েছে ‘অর্জুন’। পুজোর আগেই এই বাহিনী আত্মপ্রকাশ করতে পারে। ওই দলে অগ্নিবীরদেরও নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

দুর্যোগ বা বিপদের সময়ে সাহসিকতার সঙ্গে কাজ করা পুলিশ আধিকারিকদের সম্মান জানাতে ‘জীবন রক্ষক’ পুরস্কারের ঘোষণাও করা হয়েছে। একই সঙ্গে পুলিশের নিচুতলার কর্মীদের আর্থিক সুবিধার কথাও জানিয়েছেন শুভেন্দু। তাঁর দাবি, পুজোর মাসে অক্টোবরেই রেশনে ২ হাজার টাকা, ২০ শতাংশ ডিএ-সহ অগ্রিম বেতন দেওয়া হবে।

রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, নারী নির্যাতন এবং POCSO-সংক্রান্ত ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতির কথাও স্পষ্ট করেছেন তিনি। সব মিলিয়ে পুলিশি পরিকাঠামো, দ্রুত প্রতিক্রিয়া এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই এই উদ্যোগের লক্ষ্য বলে প্রশাসনিক মহলের ধারণা।

[youtube-feed feed=1]
Read More

Latest News