Homeলিডমন খারাপ? অফিসে যেতে হবে না! বছরে ১০ দিন ‘আনহ্যাপি লিভ’, কর্মীদের...
Unhappy Leave

মন খারাপ? অফিসে যেতে হবে না! বছরে ১০ দিন ‘আনহ্যাপি লিভ’, কর্মীদের জন্য অভিনব ছুটি চিনা সংস্থায়

কলকাতা: শরীর খারাপ হলে ছুটি মেলে। কিন্তু মনটা ভাল নেই? কাজের চাপ, ক্লান্তি কিংবা মানসিক অবসাদে অফিসে যেতে ইচ্ছে করছে না? এ বার সেই কারণেও ছুটি নেওয়ার সুযোগ! চিনের (China) একটি রিটেল সংস্থার ‘আনহ্যাপি লিভ’ নীতি (Unhappy Leave) ঘিরেই তৈরি হয়েছে নতুন করে আলোচনা।

চিনের রিটেল সংস্থা পাং ডং লাই ২০২৪ সাল থেকে কর্মীদের জন্য এই বিশেষ ছুটির ব্যবস্থা চালু করেছে। সংস্থার নিয়ম অনুযায়ী, কোনও কর্মী মানসিক ভাবে ভাল না থাকলে বছরে সর্বোচ্চ ১০ দিন ‘আনহ্যাপি লিভ’ নিতে পারেন। এই ছুটির জন্য কর্মীকে নিজের মানসিক অবস্থার কোনও নির্দিষ্ট কারণ বা প্রমাণ দিতে হয় না বলেই জানা গিয়েছে। এমনকি কোনও কর্মী এই ছুটি চাইলে ম্যানেজার তাঁর আবেদন প্রত্যাখ্যান করতে পারবেন না।

আরও খবর : বিদেশি অনুদান নিয়ন্ত্রণে বড় বদল? আগামী সপ্তাহেই লোকসভায় আসছে FCRA সংশোধনী বিল, জবাব দিতে পারেন অমিত শাহ

সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইউ দোংলাইয়ের বক্তব্য, অসুখী বা অতিরিক্ত চাপে থাকা কর্মীকে জোর করে কাজ করানো উচিত নয়। কিছুটা বিশ্রাম নিয়ে মানসিক ভাবে স্বস্তিতে ফিরলে কর্মী আরও ভাল ভাবে দায়িত্ব পালন করতে পারবেন। অর্থাৎ শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি কর্মীদের মানসিক সুস্থতাকেও সমান গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছে সংস্থাটি।

এই নীতি নিয়েই সম্প্রতি মুখ খুলেছেন RPG Group-এর চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা। তবে নিজের সংস্থায় এমন ছুটি চালুর ঘোষণা তিনি করেননি। বরং তাঁর প্রশ্ন, ভারতীয় কর্মক্ষেত্রেও কি এমন ‘আনহ্যাপি লিভ’-এর প্রয়োজন রয়েছে? নাকি তার বদলে এমন কর্মপরিবেশ তৈরি করা দরকার, যেখানে অতিরিক্ত কাজের চাপ ও ‘বার্নআউট’ কমবে এবং কর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবেই অফিসে আসতে চাইবেন?

তবে এই নীতি ভারতে চালু হলে কিছু প্রশ্নও উঠবে। একজন কর্মী সত্যিই মানসিক ভাবে বিপর্যস্ত কি না, তা কী ভাবে নির্ধারণ করা হবে? আবার এই ছুটির অপব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ফলে কর্মীদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব স্বীকার করলেও এমন নীতি বাস্তবায়নে প্রয়োজন সুস্পষ্ট নিয়ম ও পারস্পরিক আস্থার।

[youtube-feed feed=1]
Read More

Latest News