Homeলাইফস্টাইলশান্তিনিকেতনে 'রক্তকরবী'র শতবর্ষে অনন্য শ্রদ্ধা, পরিবেশ দিবসে প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের ভিন্নধর্মী উদ্যোগ

শান্তিনিকেতনে ‘রক্তকরবী’র শতবর্ষে অনন্য শ্রদ্ধা, পরিবেশ দিবসে প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের ভিন্নধর্মী উদ্যোগ

কণিকা বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাসভবনের প্রাঙ্গণে রোপণ রক্তকরবীর চারা

কলকাতা: বিশ্ব পরিবেশ দিবসের সকালে শান্তিনিকেতনের(Santiniketan) আকাশ-বাতাস মুখরিত হলো রবীন্দ্রস্মরণে আর সবুজায়নের অঙ্গীকারে। একদিকে বিশ্ব পরিবেশ দিবস(World Environment Day), অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক ‘রক্তকরবী’-র শতবর্ষ(Raktakarabi Centenary)—এই দুই মাহেন্দ্রক্ষণকে ছুঁয়ে এক অনন্য নজির গড়লেন বিশিষ্ট যন্ত্রসংগীত শিল্পী ও গ্র্যামি জুরি পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়(Pandit Prodyut Mukherjee)। কিংবদন্তি রবীন্দ্রসংগীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাসভবনের প্রাঙ্গণে তিনি রোপণ করলেন রক্তকরবীর চারা। ‘মোহর বীথিকা প্রাঙ্গণ’-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচি যেন রবীন্দ্রচেতনার এক সার্থক উদযাপন।
শান্তিনিকেতনের মাটির সঙ্গে রবীন্দ্রনাথের নাড়ির টান। সেই মাটির আশ্রয়ে, মহিয়সী শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত আঙিনায় আয়োজিত এই অনুষ্ঠান ছিল একাধারে ভক্তি আর সৃষ্টির নিবিড় মিলন। অনুষ্ঠানের শুরুতে প্রিয়ম মুখোপাধ্যায় ও ঋতপা ভট্টাচার্য গেয়ে শোনান রবীন্দ্রসংগীত ‘মরুবিজয়ের কেতন ওড়াও’। সুরের মূর্ছনায় তখন এক অন্য মাত্রা পায় শান্তিনিকেতনের প্রাঙ্গণ।
এই বিশেষ বৃক্ষরোপণ নিয়ে পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায় বলেন, “৫ জুন বিশ্ব পরিবেশ দিবস, কাকতালীয়ভাবে এটি আমার জন্মদিনও। যে পৃথিবীর মাটিতে বেড়ে উঠেছি, যে বাতাস থেকে অক্সিজেন নিয়ে বাঁচি, তা সুস্থ না থাকলে আগামী প্রজন্মের জন্য আমরা কী রেখে যাব? আগে আমি অব্যবহারযোগ্য বাদ্যযন্ত্রে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছিলাম। এবার এই পুণ্যভূমিতে রক্তকরবীর চারা রোপণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। রবীন্দ্রনাথের সৃজন আর প্রকৃতির মিলনক্ষেত্র এই শান্তিনিকেতন, এখানে এই উদ্যোগ আমার কাছে পরম সম্মানের।”
‘রক্তকরবী’-র শতবর্ষে এই বৃক্ষরোপণকে এক গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবেই দেখছেন আয়োজকরা। ‘মোহর বীথিকা প্রাঙ্গণ’-এর প্রতিনিধি প্রিয়ম মুখোপাধ্যায় ও ঋতপা ভট্টাচার্য জানান, “রক্তকরবী কেবল একটি নাটক নয়, এটি একটি মাইলস্টোন। সাহিত্যের সেই শতবর্ষে দাঁড়িয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার এই উদ্যোগ এক নতুন বার্তা দেয়।”
এদিন কণিকা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যরাও এই ব্যতিক্রমী আয়োজনে সামিল হয়ে আনন্দ প্রকাশ করেন। সমগ্র অনুষ্ঠানটির ভাবনায় ছিলেন সুদীপ্ত চন্দ। পরিবেশ দিবসের ঝকঝকে রোদে শান্তিনিকেতনের মাটিতে রোপিত এই রক্তকরবীর চারা যেন আগামী দিনে রবীন্দ্র-দর্শনের সেই শাশ্বত সবুজ বারতাকেই বহন করে নিয়ে চলবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News