কলকাতা: মাসের শুরুতেই বড় স্বস্তির খবর ব্যবসায়ীদের জন্য। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম এক ধাক্কায় কমল ২০০ টাকারও বেশি। শনিবার, ১ অগস্ট থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর ফলে হোটেল, রেস্তরাঁ, ধাবা, ক্যাটারিং সংস্থা-সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান কিছুটা স্বস্তি পাবে বলে মনে করা হচ্ছে।
তেলের সংস্থাগুলির নতুন দরের হিসাব অনুযায়ী, দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ২০২ টাকা। কলকাতায় এই সিলিন্ডারের দাম কমানো হয়েছে ২০৯ টাকা। নতুন দরের পর কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২,৮৭২.৫০ টাকা।
আরও খবর : কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী মোদি
গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, পশ্চিম এশিয়ার পরিস্থিতি-সহ নানা কারণে জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছিল। সেই পরিস্থিতির মধ্যে বাণিজ্যিক গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তি বলেই মনে করা হচ্ছে।
বিশেষ করে খাদ্য ব্যবসার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে এলপিজি একটি গুরুত্বপূর্ণ খরচ। প্রতিদিন বিপুল পরিমাণ গ্যাস ব্যবহার করতে হয় হোটেল, রেস্তরাঁ ও ক্যাটারিং পরিষেবায়। ফলে সিলিন্ডার পিছু এই মূল্যছাড় তাঁদের পরিচালন খরচ কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
তবে সাধারণ গ্রাহকদের জন্য এখনও কোনও সুখবর আসেনি। বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত ১৪.২ কেজির গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ, গৃহস্থালির গ্রাহকদের আগের দামেই রান্নার গ্যাস কিনতে হবে।
কেন্দ্রের এই সিদ্ধান্ত শুধুমাত্র বাণিজ্যিক এলপিজি ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। আগামী দিনে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং জ্বালানি দামের ওঠানামার উপর নির্ভর করবে রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হবে কি না।







