ওয়েব ডেস্ক: এভারেস্টের পথে ভয়াবহ দুর্ঘটনা! নেপালের পার্বত্য এলাকায় অবতরণের সময় মুখোমুখি সংঘর্ষ হল দুটি হেলিকপ্টারের। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে কপ্টারগুলি। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত এক বিদেশি নাগরিকের। গুরুতর আহত হয়েছেন আরও এক ব্যক্তি। দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার সকালে নেপালের সোলুখুম্বু জেলার ফেরিচে এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এভারেস্ট অঞ্চলের এই এলাকায় পর্যটকদের যাতায়াতের অন্যতম মাধ্যম হেলিকপ্টার। দুর্গম পাহাড়ি পথে পৌঁছতে পর্যটক ও অভিযাত্রীদের জন্য নিয়মিত কপ্টার পরিষেবা চালানো হয়।প্রাথমিক খবর অনুযায়ী, ফিশটেল এয়ার এবং এয়ার ডাইনেস্টির দুটি হেলিকপ্টার অবতরণের চেষ্টা করছিল। সেই সময় কোনও একটি কপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে অন্যটির সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের অভিঘাতে একটি হেলিকপ্টারের পাখা ভেঙে যায়। এরপরই দুর্ঘটনাগ্রস্ত হয় দুটি কপ্টার। সকাল প্রায় ৮টা ১৫ মিনিট নাগাদ স্থানীয় সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
স্থানীয় পুলিশ আধিকারিক নবীন রাজা বুধাথোকির বক্তব্য অনুযায়ী, দুর্ঘটনায় এক বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে মৃত ও আহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ এখনও স্পষ্ট নয়।
কীভাবে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি সামনে এলেও দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই জানা যাবে।
উল্লেখ্য, কয়েক দিন আগেই ভারতের উত্তরাখণ্ডের জোশীমঠ এলাকায় একটি হেলিকপ্টার নিখোঁজ হওয়ার খবর সামনে এসেছিল। পরপর এমন ঘটনায় পাহাড়ি এলাকায় হেলিকপ্টার পরিষেবার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।






