ওয়েব ডেস্ক : তামিলনাড়ুর (Tamilnadu) মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় (Vijay) সোমবার বিধানসভায় একগুচ্ছ জনমুখী প্রকল্পের ঘোষণা করলেন। বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম এমন পরিবারের জন্য বছরে তিনটি বিনামূল্যে LPG সিলিন্ডারের খরচ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ‘অন্নপূরানি সুপার সিক্স’ নামে এই প্রকল্প ২০২৭ সালের পঙ্গল উৎসবের দিন থেকে চালু হওয়ার কথা। প্রায় ১ কোটি ৩০ লক্ষ পরিবার এই সুবিধা পাবে বলে জানানো হয়েছে।
এই প্রকল্পে যোগ্য পরিবারগুলি বছরে তিনটি LPG সিলিন্ডার কিনলে তার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। এর জন্য রাজ্য সরকারের বছরে প্রায় ৪ হাজার কোটি টাকা খরচ হবে। উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ পরিস্থিতির কারণে গ্যাস সরবরাহে ঘাটতি এবং সিলিন্ডারের দাম বৃদ্ধির জেরে সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও খবর : ওবিসি সংরক্ষণের নয়া নির্দেশিকাকে চ্যালেঞ্জ! সব মামলা একসঙ্গে শুনবে সুপ্রিম কোর্ট
এর পাশাপাশি মহিলাদের বিনামূল্যে বাসযাত্রার পরিধিও বাড়ানোর কথাও ঘোষণা করা হয়েছে। ‘ভেট্রি পায়ানাম’ প্রকল্পের আওতায় এবার সাধারণ বাসের পাশাপাশি এক্সপ্রেস, LSS এবং ডিলাক্স সরকারি বাসেও বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। আন্তঃজেলা বাস পরিষেবাতেও এই সুবিধা বাড়ানো হবে। আগামী ২ অক্টোবর থেকে নতুন ব্যবস্থা চালু হওয়ার কথা। এই প্রকল্পে রাজ্য সরকারের অতিরিক্ত বছরে প্রায় ৬ হাজার কোটি টাকা খরচ হবে।
বিধানসভায় বিজয় আরও জানিয়েছেন, চেন্নাইয়ের প্রস্তাবিত পারান্দুর বিমানবন্দর প্রকল্প নিয়ে তাঁর সরকার আগের অবস্থানেই রয়েছে। কৃষক ও স্থানীয় বাসিন্দাদের যাতে উচ্ছেদ হতে না হয়, সেই বিষয়টি গুরুত্ব দিয়ে বিকল্প জায়গা খোঁজা হচ্ছে। পাশাপাশি মীনামবাক্কমের বর্তমান চেন্নাই বিমানবন্দরে নতুন টার্মিনাল ৫ তৈরির কথাও ঘোষণা করেছেন তিনি।







