ওয়েব ডেস্ক : ভারত ও আমেরিকার মধ্যে দীর্ঘদিন ধরে চলা বাণিজ্য আলোচনা কি এবার চূড়ান্ত পরিণতির দিকে? সেই জল্পনা আরও বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, দুই দেশ বাণিজ্যচুক্তির (Trade Deal) খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। একই সঙ্গে তাঁর দাবি, প্রস্তাবিত চুক্তির ধরন আগের চুক্তিগুলির তুলনায় অনেকটাই আলাদা হবে। তবে সেই পরিবর্তনের নির্দিষ্ট দিকগুলি নিয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এল, যখন ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার চেষ্টা চলছে। দুই দেশের মধ্যে শুল্ক, বাজারে প্রবেশাধিকার এবং বাণিজ্যের বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। চুক্তির চূড়ান্ত রূপ দিতে সম্প্রতি দুই দেশের আধিকারিকদের মধ্যে একাধিক বৈঠকও হয়েছে।
আরও খবর : রাশিয়ার তেলঘাঁটিতে ইউক্রেনের ১০০০ ড্রোন হামলা, সেন্ট পিটার্সবার্গে আগুন
ভারত সফরে রয়েছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। বাণিজ্যের পাশাপাশি জ্বালানি, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর মতো বিষয়েও আলোচনা হয়েছে। অন্যদিকে, চলতি মাসের শুরুতে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে প্রস্তাবিত চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত ও আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির প্রথম পর্যায়ের কাঠামো চূড়ান্ত করার কথা ঘোষণা করেছিল। কিন্তু তা সম্ভব হয়নি। তবে কি এবার দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন হতে চলেছে?






