ওয়েব ডেস্ক: চোট কাটিয়ে মাঠে ফেরার পর থেকে দিন দিন আরও ধারালো হয়ে উঠেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। গত মরশুমে মাঠের বাইরে কাটাতে হলেও, এবারের আইপিএল-এ (IPL 2026) সুযোগ পেয়েই দুরন্ত ছন্দে নজর কাড়ছেন বাংলার এই তারকা পেসার। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নিজেকে উজাড় করে বোলিং করলেন তিনি। শুধু উইকেট নেওয়া নয়, এখন তিনি ডট বল করে রান রুখতেও যে পারদর্শী হয়ে উঠেছেন, তা এদিন বুঝিয়ে দিলেন শামি।
রবিবার দুপুরের এই ম্যাচের (LSG vs SRH) শুরু থেকেই ভয়ঙ্কর মেজাজে দেখা যায় শামিকে। প্রথম ওভারেই তিনি ফেরান বিপজ্জনক ওপেনার অভিষেক শর্মাকে। পরে তাঁর শিকার হন আরেক বিধ্বংসী ব্যাটার ট্র্যাভিস হেড। এই ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, এই ম্যাচে ১৬টি ডট বল করেছেন তিনি। শামির এই পরিসংখ্যানই বলে দিচ্ছে কতটা প্রভাবশালী হতে পারেন তিনি।
আরও পড়ুন: ভারতের নতুন গতিদানব! ঘন্টায় ১৫৪.২ কিমি বেগে বল ছুঁড়ে রেকর্ড গড়লেন অশোক শর্মা
শামিকে এতদিন মূলত সিম বোলার হিসেবেই দেখা গিয়েছে। তবে এবারের আইপিএলে তাঁর বোলিংয়ে নতুন মাত্রা যোগ করেছে স্লোয়ার বল। এই ভ্যারিয়েশন কাজে লাগিয়েই ব্যাটারদের বারবার বিভ্রান্ত করছেন তিনি এবং তুলে নিচ্ছেন একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট। তবে শুধু আইপিএল নয়, জাতীয় দলে নিয়মিত সুযোগ না পেয়েও, মুস্তাক আলি এবং রঞ্জিতে ধারাবাহিক পারফরম্যান্স করে নিজেকে প্রমাণ করে চলেছেন শামি।
আইপিএলের আগে এক সাক্ষাৎকারে শামি বলেছিলেন, গত ৫-৬ বছরে প্রায় ১৩০টি উইকেট নিয়েছেন তিনি। তবুও তাঁকে টি-২০ বোলার হিসেবে মানতে অনীহা রয়েছে অনেকের। তবে এই বিষয়টিকে ইতিবাচকভাবেই নিচ্ছেন তিনি এবং মাঠে পারফরম্যান্স দিয়েই জবাব দিচ্ছেন সমালোচকদের।
দেখুন আরও খবর:







