মুর্শিদাবাদ (নওদা) – নামের অসঙ্গতি, এসআইআরের শুনানি (SIR Hearing), সেই আতঙ্কেই হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে মৃত্যু হল মাঝ বয়সী এক ব্যক্তির। নওদা থানায় (Nawda Thana) বালি-১ গ্রাম পঞ্চায়েতের টুঙ্গিপাড়ার বুথ নং ২১৮ এ একজন ভোটারের ভোটার আইডি কার্ডে নামের অসঙ্গতি পাওয়া গিয়েছিল। ওই ব্যক্তির ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে কালু শেখ এবং বর্তমানে আধার কার্ড নাম রয়েছে মোজাম্মেল শেখ। এছাড়া আধার কার্ডে ইংরেজি এবং বাংলায় দুটি নাম আলাদা আলাদা রয়েছে।
ওই অসঙ্গতির কারণে, এসআইআর ফর্ম জমা দেওয়ার পর গত ৩১ ডিসেম্বর (৩১/১২/২০২৫) তারিখে তাকে শুনানির জন্য ডাকা হয়। একই সঙ্গে বাড়ির আরও চারজন সদস্যকে শুনানিতে ডাকা হয়।
আরও পড়ুন- SIR শুনানিতে ‘NOT SATISFIED’! নৈহাটিতে টেনশনে মৃত্যু বৃদ্ধার
সেই থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সে কারণে শুনানিতে যেতে পারেননি ওই ব্যক্তি। মঙ্গলবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, পথের মধ্যেই ওই রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মোজাম্মেল শেখ ওরফে কালু শেখের।
পরিবারের দাবি শুনানির আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কালু শেখের। নির্বাচন কমিশন হুড়োহুড়ি না করে কিছুটা সময় দিলে অন্তত এই মৃত্যু দেখতে হত না বলে দাবি পরিবারের। একই সঙ্গে দরিদ্র পরিবারটি আর্থিক ক্ষতি পূরণের দাবি জানিয়েছেন।







