ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবারের মধ্যেই সেটি ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘অর্ণব’। সম্ভাব্য গতিপথ অনুযায়ী, বুধবার দুপুরে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও বাপতলার মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে এই ঘূর্ণিঝড়। পরিস্থিতি অনুকূলে থাকলে স্থলভাগে আছড়ে পড়ার সময় সেটি অতি তীব্র ঘূর্ণিঝড়ের চেহারাও নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্ভাব্য পূর্বাভাস অনুযায়ী, অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছনোর আশঙ্কাও রয়েছে। এর জেরে অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওডিশার উপকূলবর্তী এলাকায় দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে বলে প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে।
রবিবার সকাল সাড়ে ৫টায় পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপটির অবস্থান ছিল। সেটি ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পথে। বিশাখাপত্তনম থেকে প্রায় ৮৮০ কিলোমিটার এবং কাঁকিনাড়া থেকে প্রায় ৯৮০ কিলোমিটার দূরে অবস্থান করছিল নিম্নচাপটি।
আরও খবর : লক্ষ্মীপুজোর বাজারে আগুন! শসা-নারকেল থেকে প্রতিমা-সবেতেই ছ্যাঁকা
বাংলায় কি প্রভাব পড়বে?
ঘূর্ণিঝড় (Cyclone) ‘অর্ণব’-এর সরাসরি আছড়ে পড়ার সম্ভাবনা বাংলায় না থাকলেও এর পরোক্ষ প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবারও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টি হতে পারে।






