ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মুরাসু’ (Cyclone Murasu) ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। ওঙ্গোলের কাছাকাছি এলাকায় স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে। তবে কি এর প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে?
উত্তরবঙ্গের আবহাওয়ায় আপাতত বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। সোমবার অধিকাংশ জেলাতেই আকাশে মেঘের আনাগোনা থাকবে। দার্জিলিং থেকে কোচবিহার পর্যন্ত কয়েকটি এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও খবর : ‘১০ লক্ষের জমায়েতের দাবি, মাঠের ৪০ শতাংশ ফাঁকা’, দিল্লির বিরোধী সমাবেশকে কটাক্ষ বিজেপির
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সোমবার থেকেই আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতা-সহ একাধিক জেলায়। তালিকায় রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া। কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। বুধবার পর্যন্ত পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে।






