মুর্শিদাবাদ : সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করেছে মুর্শিদাবাদ পুলিশ (Murshidabad Police)। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রানীনগর থানার কাহারপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক দাবি, ধৃতরা গতরাতে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারতে এসে কাজের জন্য দেশের বিভিন্ন এলাকায় যাওয়ার পরিকল্পনার কথা উঠে এসেছে। তাঁদের পরিচয় এবং প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপের জন্য তাঁদের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে বলে পুলিশ (Police) জানিয়েছে।
আরও খবর : ভোট মিটলেও বাংলায় থাকছে কেন্দ্রীয় বাহিনী, আরও ৫০ কোম্পানি পাঠাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক! কেন?
অন্যদিকে, সাগরপাড়া থানার সাহেবনগর এলাকায় নাকা চেকিং চালানোর সময় আরও একটি বড় সাফল্য পেয়েছে পুলিশ (Police)। একটি ২০৭ পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ২১০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক ও খালাসি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনায় এনডিপিএস আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। একদিকে সীমান্তে অনুপ্রবেশ রুখতে নজরদারি, অন্যদিকে নিষিদ্ধ মাদক পাচার বন্ধে নাকা চেকিং—দুই ক্ষেত্রেই কড়া অবস্থান নিয়েছে মুর্শিদাবাদ পুলিশ। সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচারের বিরুদ্ধে এই অভিযান আগামী দিনেও চলবে বলে প্রশাসনিক সূত্রে খবর।







