ওয়েবডেস্ক- বিদায় বেলায় পারদ পতন। এক ধাক্কায় কমল তাপমাত্রা (Temperature Down) । আর সেই সঙ্গে চলেছে কুয়াশার (Fog) দাপট। রবিবারেও রাতেও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচেই থাকল। আজ আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department ) পূর্বাভাস অনুযায়ী, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। রবিবার দিনের বেলায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি থেকে নেমে দাঁড়ায় ১৫.২ ডিগ্রিতে। আজ আরও একটু কমবে পারদ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করবে।
সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরববঙ্গের (North Bengal) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা ও দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে।
আরও পড়ুন – বাজেট মন জিততে পারল না উত্তরের চা শ্রমিকদের, পাওনা শুধুই হতাশা
আলিপুর দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন পশ্চিমবঙ্গের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। সর্বনিম্ন তাপমাত্রার কোনও বড় পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গে এখন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। ২ ও ৫ ফেব্রুয়ারি আরও দুটি পশ্চিমী ঝঞ্জা প্রবেশের সম্ভাবনা। এর প্রভাবে আবহাওয়ার খামখেয়ালীপনা চলছে। আপাতত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৭ ডিগ্রির আশেপাশে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা কমবে। তবে মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসেই উষ্ণতা বাড়বে, ফেব্রুয়ারির মাসের মাঝামাঝি সময় থেকেই চড়বে পারদ।
কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। অপরদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট থাকবে।







