ওয়েব ডেস্ক : বিধানসভার অধিবেশনে মদ্যপ অবস্থায় এলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী (Punjab CM) ভগবন্ত মান (Bhagwant Mann)! এমনটাই অভিযোগ করেছে কংগ্রেস এবং শিরোমণি অকালি দল। এ নিয়ে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এমন হয় যে মুখ্যমন্ত্রীর দেহে মদের পরিমাণ পরীক্ষা করার দাবি করেন বিরোধী দলের বিধায়করা। প্রাক্তন আপ নেত্রী স্বাতী মালিওয়ালও আক্রমণ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে।
শুক্রবার আন্তর্জাতিক শ্রমিক দিবস। এ দিনে বিশেষ অধিবেশন ডেকেছিল পাঞ্জাবের আপ সরকার। কিন্তু, ভগবন্ত মান যখন বিধনসভায় ঢোকেন তখন কংগ্রেসের এক বিধায়ক অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মদ্যপ অবস্থায় বিধানসভায় এসেছেন। এর পর বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর অ্যালকোহল (Alcohol) টেস্টের দাবি জানান। আকালি দলের তরফেও একই দাবি তোলা হয়েছিল। তবে শেষ পর্যন্ত পরীক্ষা হয়নি বলেই খবর।
আরও খবর : কংগ্রেস নেতাকে আগাম জামিন দিল সুপ্রিম কোর্ট! হিমন্ত-পত্নীর দায়ের করা মামলায় কী বলল আদালত?
এ প্রাক্তন আপ নেত্রী স্বাতী মালিওয়াল (Swati Maliwal) বলেছেন, “আজ আবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ‘গণতন্ত্রের মন্দির’ পাঞ্জাব বিধানসভায় উপস্থিত হয়েছেন। অভিযোগ উঠেছে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এই ব্যক্তি মদ্যপ অবস্থায় গুরুদ্বারে যান, মন্দিরে যান, আগে লোকসভাতেও মদ্যপ অবস্থায় আসতেন, সরকারি মিটিংয়ে মদ্যপ অবস্থায় যোগ দেন, এমনকি বিদেশে এত বেশি মদ খেয়েছিলেন যে তাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল”।
সঙ্গে যোগ করেন, “নির্বাচনের আগে তিনি তাঁর মায়ের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আর কখনও মদ্যপান করবেন না। পাঞ্জাবের মতো একটি সংবেদনশীল সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ অনুযায়ী সারাক্ষণ নেশাগ্রস্ত থাকেন, মদ্যপ অবস্থায় ফাইলে সই করেন। কী লজ্জার বিষয়।”
এদিকে বলে রাখা দরকার, সম্প্রতি আপ ছেড়েছিলেন রাঘব চাড্ডা সহ ৭ জন সাংসদ। এর পরে শোনা যাচ্ছিল পাঞ্জাবেও ২৮ জন বিধায়ক দল ছাড়তে পারেন। ফলে সেখানে আপের অন্দরেই অসন্তোষ রয়েছে। তার মাঝে ভগবন্ত মানকে নিয়ে বিতর্ক তৈরি হল।
দেখুন অন্য খবর :







