কলকাতা: তৃণমূল কংগ্রেসের(TMC) নেতৃত্ব ও সাংগঠনিক বৈধতা নিয়ে রাজনৈতিক বিতর্কের আবহে নতুন দাবি সামনে আনলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। রবিবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, আলিপুর আদালতের এক রায়ে ২২ জুন গঠিত অরূপ রায়ের নেতৃত্বাধীন কমিটিকেই আইনগত স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই ভিত্তিতেই ঋতব্রতের দাবি, তাঁদের নেতৃত্বাধীন সংগঠনই বৈধ তৃণমূল কংগ্রেস।
ঋতব্রতের বক্তব্য, দলের সাধারণ কর্মীদের দায়ের করা একটি মামলায় আদালত এই নির্দেশ দিয়েছে। তাঁর দাবি, আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী ২২ জুন জাতীয় কর্মসমিতির বৈঠকে গঠিত কমিটিই একমাত্র বৈধ কমিটি। ফলে অন্য কোনও গোষ্ঠী যদি নিজেদের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্বকারী বলে দাবি করে, তা আইনসম্মত হবে না।
আরও পড়ুন: নতুন নামে ফিরল ১০০ দিনের কাজ, ১২৫ দিনের কর্মসংস্থানে স্বস্তির হাসি গঙ্গাসাগরে
সাংবাদিক বৈঠকে ঋতব্রত আরও দাবি করেন, আদালতের নির্দেশ অনুযায়ী দলীয় কার্যালয় এবং দলীয় তহবিলের উপরও তাঁদের কমিটির অধিকার বহাল রয়েছে। তাঁর বক্তব্য, অনুমোদিত কমিটি ছাড়া অন্য কেউ তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করে দলীয় কার্যকলাপ পরিচালনা করতে পারবেন না। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
তবে এই দাবির বিষয়ে কালীঘাট শিবির বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। আদালতের পূর্ণাঙ্গ রায় এবং তার আইনি ব্যাখ্যাও প্রকাশ্যে আসেনি। ফলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য মূলত তাঁর সাংবাদিক বৈঠকে করা দাবির উপর ভিত্তি করেই সামনে এসেছে।
রাজনৈতিক মহলের মতে, আদালতের রায়কে কেন্দ্র করে তৃণমূলের অভ্যন্তরীণ নেতৃত্বের লড়াই আরও তীব্র হতে পারে। আগামী দিনে নির্বাচন কমিশন বা উচ্চতর আদালতে বিষয়টি নিয়ে নতুন আইনি ও রাজনৈতিক পর্ব শুরু হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।







