কলকাতা: উইন্ডোজ প্রোডাকশনের সাম্প্রতিক চলচ্চিত্র ‘ফুল পিসি ও এডওয়ার্ড’(Phool Pishi O Award)-এর একটি গান “চলে যেও না“ তে অনবদ্য গায়কির ঝলক পাওয়া গেল অনস্মিতা ঘোষ(Anashmita Ghosh)! ছবিটি পরিচালনা করেছেন কিংবদন্তী জুটি শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়। প্রখ্যাত সঙ্গীত পরিচালক জয় সরকারের সুর করা এই গানটি সঙ্গীতপ্রেমীদের জন্য এক বিশুদ্ধ উপহার। অনস্মিতার অনন্য, সমৃদ্ধ কণ্ঠস্বর গানটিতে গভীরতা এবং চরিত্র এনে দিয়েছে। উচ্ছ্বসিত অনস্মিতা বলেন, “উইন্ডোজ প্রোডাকশনের অধীনে কাজ করার সুযোগ পাওয়াটা স্বপ্ন সত্যি হওয়ার চেয়েও বেশি কিছু ছিল। স্ক্র্যাচ গাওয়া থেকে শুরু করে মুল গানটি রেকর্ড করা পর্যন্ত পুরো যাত্রাটাই ছিল উত্তেজনাপূর্ণ এবং এক বিশাল শিক্ষণীয় অভিজ্ঞতা।”
২০১৪ সালে তার প্রথম হিন্দি অ্যালবাম ‘মাশরুফ’, যেখানে তার নিজের তৈরি করা চারটি গান ছিল। একজন নিপুণ গীতিকার হিসেবেও তিনি খ্যাতিমান তারকা এবং উদীয়মান প্রতিভা। তিনি বাংলা চলচ্চিত্র ‘মাইকেল’ (২০১৮)-এর জন্য একটি হিন্দি গান লিখে টলিউডে নজর কাড়েন।। তিনি মুম্বইয়ের ক্লেফ মিউজিক অ্যাওয়ার্ডসে (২০২৩ ও ২০২৪) পরপর দুই বছর সেরা গীতিকারের পুরস্কার লাভ করেন। এই পুরস্কারগুলি তিনি স্বাধীনভাবে মুক্তি পাওয়া হিট গান ‘শুনলে মওলা’ এবং ‘ইয়ে জিন্দেগি’-এর জন্য পান।
প্লেব্যাক গানে অনস্মিতা ধীরে ধীরে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠছেন। ‘বাই বাই ব্যাংকক’-এর কয়েকটি লাইন থেকে শুরু করে ‘বেলাশুরু’ (টপা টিনি) এবং ‘বহুরূপী’ (বেহুলা সুন্দরী)-র মতো বিশাল হিট গানের হৃদয়স্পর্শী কোরাসের অংশ পর্যন্ত, তিনি প্রতিটি সুরকেই অর্থবহ করে তুলেছেন। তিনি শ্রীমতী উপালি চট্টোপাধ্যায়, শ্রী প্রবুদ্ধ ব্যানার্জী এবং ময়ূখ-মৈনাকের মতো শীর্ষস্থানীয় সুরকারদের নির্দেশনায় ‘রানি রাসমণি’ এবং ‘পটল কুমার গানওয়ালা’-র মতো মেগা টেলিভিশন সিরিয়ালে, চেতনার ‘গান্ধী ভার্সেস গান্ধী’-র মতো থিয়েটার প্রকল্পেও কণ্ঠ দিয়েছেন। বোকারোর ছোট শহর থেকে অনস্মিতা তার স্বপ্ন পূরণের জন্য আনন্দের শহর কলকাতায় চলে আসেন। তার নিষ্ঠা তাকে শ্রুতিনন্দনে নিয়ে যায়, যেখানে তিনি কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতজ্ঞ পণ্ডিত অজয় চক্রবর্তীর অধীনে এক দশক ধরে প্রশিক্ষণ নেন। ভারতীয় শাস্ত্রীয় সংগীতে তার গভীর শিকড় থাকার সাথে সাথে, তিনি বিভিন্ন ধারার অন্বেষণ করতে ভালোবাসেন। তার বিস্তৃত সংগীত প্রশিক্ষণের মধ্যে রয়েছে গৌতম ঘোষালের কাছ থেকে আধুনিক সংগীত, জয়তী চক্রবর্তীর কাছ থেকে রবীন্দ্রসংগীত, রাজু দাসের কাছ থেকে গজল, সোমনাথ রায়ের কাছ থেকে ছন্দ ও তাল গণিত এবং ডিয়েডর লোবোর কাছ থেকে পাশ্চাত্য কণ্ঠসংগীতের প্রশিক্ষণ।
সঙ্গীতের জগতে তার পরিধি ক্রমাগত প্রসারিত হওয়ার সাথে সাথে, তিনি পরবর্তী পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই কঠোর পরিশ্রমে লেগে পড়েছেন। অনস্মিতা বলেন, “লাইভ পারফরম্যান্স এবং বাণিজ্যিক রেকর্ডিংয়ের প্রতিশ্রুতির পাশাপাশি, আমি নিয়মিত আমার স্বাধীন প্রকল্পগুলিতে মনোযোগ দিয়েছি। আর এই বছর, আমি একটি গজল অ্যালবামের কাজ করছি, যেটিতে আমার এবং অন্যান্য সুরকারদের সুর করা গান থাকবে। আমি পুজোর আগেই অ্যালবামটি প্রকাশ করার পরিকল্পনা করছি।”
একাধারে গায়িকা, সুরকার এবং গীতিকার হিসেবে অনস্মিতা ঘোষ হলেন সঙ্গীতের এক পরিপূর্ণ প্যাকেজ, এবং কলকাতা অধীর আগ্রহে অপেক্ষা করছে তিনি এরপর কী সৃষ্টি করেন তা শোনার জন্য!







