ওয়েব ডেস্ক: রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত ও যাত্রীবান্ধব করে তুলতে মঙ্গলবার একাধিক প্রকল্পের সূচনা করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৫০টি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (AC) সরকারি বাসের উদ্বোধন করেন। একই সঙ্গে বৈদ্যুতিক বাসের সংখ্যা বাড়ানো, মহিলা যাত্রীদের জন্য বিশেষ আসনের ব্যবস্থা এবং জলপথে আধুনিক পরিবহণ চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, উন্নত পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, সুষ্ঠু পরিকল্পনা এবং পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে পরিবহণ দফতরকে আরও কার্যকর করা সম্ভব। পাশাপাশি তিনি দাবি করেন, পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের চাপের মধ্যেও বর্তমান সরকার উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছে।
আরও খবর : ‘ডিম থেরাপি’ কমেছে না বেড়েছে? হাইকোর্টে রাজ্য-আবেদনকারীর পাল্টাপাল্টি দাবি
দূষণ কমানো এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ডিজেলচালিত বাসের পরিবর্তে ধাপে ধাপে সিএনজি ও বৈদ্যুতিক বাসের ব্যবহার বাড়ানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইভি চার্জিং স্টেশন তৈরির কাজও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
মহিলা যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে সরকারি বাসে ‘পিঙ্ক সিট’ (Pink Seat) চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও জলপথ পরিবহণের সম্প্রসারণে বাংলা শীঘ্রই ‘ওয়াটার মেট্রো’ পরিষেবার সঙ্গে যুক্ত হবে বলে জানানো হয়েছে। সরকারের আশা, এই উদ্যোগে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী ও আধুনিক হয়ে উঠবে।







