ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকালের মধ্যে ঘূর্ণিঝড় (Cyclone) তৈরি হতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’। বুধবার, ২৮ অক্টোবর সকালের মধ্যে সেটি অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছতে পারে। তবে কোথায় এবং কখন স্থলভাগে আছড়ে পড়বে, তা এখনও নিশ্চিত নয়।
শনিবারের বুলেটিন অনুযায়ী, পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চলটি সুস্পষ্ট হয়েছে। রবিবার তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সোমবার ঘূর্ণিঝড় তৈরি হলে সমুদ্রের উপর ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার ছাড়ানোর আশঙ্কা রয়েছে।মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও খবর : দিল্লির স্কুলে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার দ্বাদশ শ্রেণির ছাত্রীর দেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য
কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?
মঙ্গলবার কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাঁরা সমুদ্রে রয়েছেন, তাঁদের তার আগেই ফিরে আসতে বলা হয়েছে।






