ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ (Cyclone Arnab)-কে ঘিরে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ২৭ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৮ থেকে ৩০ অক্টোবর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের ২৬ অক্টোবরের বিশেষ বুলেটিন অনুযায়ী, পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর থাকা গভীর নিম্নচাপ পশ্চিম দিকে সরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ (Cyclone Arnab)-এ পরিণত হয়েছে। ২৬ অক্টোবর সকাল সাড়ে ৫টায় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল পূর্ব-মধ্য ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর। আগামী ২৭ অক্টোবর এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস।
এরপর ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২৮ অক্টোবর দুপুরের দিকে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামের উপকূলে বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে। সেই সময় ঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain) পূর্বাভাস
২৭ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের এক বা দু’টি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
২৮ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের এক বা দু’টি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
২৯ অক্টোবর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার এক বা দু’টি এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ অক্টোবর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও খবর : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’! নামের অর্থ কী, কোন দেশ দিল এই নাম?
উত্তরবঙ্গেও (North Bengal) সতর্কতা
২৯ অক্টোবর দার্জিলিং ও জলপাইগুড়ির এক বা দু’টি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। ৩০ অক্টোবর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩১ অক্টোবর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের এক বা দু’টি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে।
সমুদ্র উত্তাল হওয়ার পূর্বাভাস
আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, ২৭ থেকে ২৯ অক্টোবর পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সতর্কবার্তায় বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ ও প্রবল বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। গাছ বা বিদ্যুতের খুঁটির নীচে আশ্রয় নেওয়া এড়িয়ে চলতে হবে। নিচু এলাকা ও আন্ডারপাসে জল জমতে পারে। দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।







