ওয়েব ডেস্ক : রাজস্থানের (Rajasthan) ঝুনঝুনু জেলায় রাস্তা নির্মাণের কাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল অন্তত আট জন শ্রমিকের। সোমবার ছাপোলি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এলাকাটি উদয়পুরওয়াটি থানার অধীন। পুলিশ জানিয়েছে, রাস্তার কাজে ব্যবহৃত পাথর ও খোয়া মেশানোর একটি যন্ত্রের সঙ্গে উপর দিয়ে যাওয়া হাইটেনশন বিদ্যুতের তারের সংস্পর্শ ঘটে। এর জেরেই যন্ত্রটিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে এবং কাছাকাছি কাজ করা শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিদ্যুতের তারটি ছিল ১১ হাজার ভোল্টের। উদয়পুরওয়াটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক রামপাল জানিয়েছেন, মিক্সার মেশিনটি হাইটেনশন লাইনের সংস্পর্শে আসতেই যন্ত্রের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। সেই সময় আশপাশে থাকা শ্রমিকরা বিদ্যুতের শিকার হন। ঘটনায় একাধিক শ্রমিক গুরুতরভাবে আহত হন।
আরও খবর : দিল্লিতে ইন্ডিয়া জোটের সভার জের, এক দিনেই ১১ হাজার কোটি টাকার ব্যবসা ক্ষতির অভিযোগ ব্যবসায়িদের
এই দুর্ঘটনার পর ছাপোলি গ্রামে শোকের পাশাপাশি ক্ষোভ ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। দুর্ঘটনাস্থলে বহু মানুষের জমায়েত হয়। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজস্থানের প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র গুঢ়া এবং প্রাক্তন বিধায়ক শুভকরণ চৌধুরী।
শ্রমিকদের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী।






