কলকাতা: জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়ের শোনপুর। বাড়ি লক্ষ্য করে বোমাবাজি এবং ভাঙচুরের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল উত্তর কাশীপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন এলাকার এক বহিষ্কৃত আইএসএফ নেতা। এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সোমবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন তিনি। একইসঙ্গে তাঁর স্পষ্ট বার্তা, ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তাঁকেও রেয়াত করা হবে না।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম বাবলু মোল্লা, শামসুদ্দিন মোল্লা, আজমত মোল্লা এবং মাফুজার মোল্লা। ধৃত বাবলু স্থানীয় আইএসএফ পঞ্চায়েত সদস্য সাবিনা বিবির স্বামী। ঘটনায় আরও কয়েকজনের জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। তাঁদের খোঁজেও তল্লাশি চলছে। সোমবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
কী কারণে এই অশান্তি? অভিযোগ, শোনপুরের বাসিন্দা মাজেত গোলদারের বাড়ির পিছনের জমি দিয়ে যাতায়াতের রাস্তা তৈরির পরিকল্পনা ছিল। সেই রাস্তার জন্য নিজের বাড়ির জমি ছেড়ে দিতে তাঁর উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। কিন্তু তাতে রাজি না হওয়ায় শনিবার রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। এরপর বাড়িতে ঢুকে ফ্রিজ, বাইক, খাট, আলমারি-সহ একাধিক আসবাবপত্র ভাঙচুর করা হয়।
ঘটনার পর আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি, তৃণমূল, সিপিআইএম এবং জমি কমিটির প্রতিনিধিরাও। অন্যদিকে, এই ঘটনায় আইএসএফের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে দলের নেতৃত্ব। তাঁদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে দলকে বদনাম করার চেষ্টা চলছে।
এই পরিস্থিতিতে নওশাদের আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করা এবং দলের কেউ দোষী হলে ব্যবস্থা নেওয়ার বার্তা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।






