বাঁকুড়া: উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ভয়াবহ বিপদের মুখে পড়লেন একদল অভিযাত্রী। হিমালয়ের বুকে তুষারঝড়ের জেরে নিখোঁজ হয়ে গিয়েছেন একই দলের ৮ জন সদস্য। তাঁদের মধ্যে ৫ জনই পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বাসিন্দা। দু’দিন ধরে হেলিকপ্টারের সাহায্যে তল্লাশি চালিয়েও এখনও তাঁদের কোনও সন্ধান মেলেনি। সময় যত গড়াচ্ছে, ততই উদ্বেগ বাড়ছে নিখোঁজ অভিযাত্রীদের পরিবারগুলিতে।
নিখোঁজ পাঁচ বাঙালি অভিযাত্রীর নাম তাপস বাউরী, রতন ঘোষ, রিন্টু মণ্ডল, উদয় ঘোষ এবং মনোজ খাওয়াস। প্রথম চার জনের বাড়ি বাঁকুড়ার শালবনী গ্রামে। মনোজের বাড়ি জেলার কেশরা গ্রামে।
জানা গিয়েছে, শেরপা ও সহকারী-সহ মোট ১২ জনের একটি অভিযাত্রী দলের গঙ্গোত্রী থেকে কেদারতাল পর্যন্ত ট্রেকিং করার পরিকল্পনা ছিল। নির্দিষ্ট দিনে গঙ্গোত্রীর বেস ক্যাম্প থেকে রওনা দেন তাঁরা। কিন্তু প্রায় ৪ হাজার মিটার উচ্চতায় পৌঁছতেই আচমকা তুষারঝড়ের কবলে পড়ে দলটি। এরপর থেকেই নিখোঁজ হয়ে যান আট অভিযাত্রী।
দলের বাকি চার জন—শেরপা ও সহকারী—কোনওক্রমে এগিয়ে গিয়ে ৩০ অক্টোবর গন্তব্যে পৌঁছন। তাঁরাই বাকি আট জনের নিখোঁজ হওয়ার খবর জানান। খবর পেয়েই উদ্ধারকাজে নামে উত্তরাখণ্ড প্রশাসন।
উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির হেলিকপ্টারের সাহায্যে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) গত দু’দিন ধরে নির্দিষ্ট এলাকায় তল্লাশি চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত নিখোঁজ আট জনের কোনও খোঁজ পাওয়া যায়নি।
অন্যদিকে, বাঁকুড়ার পাঁচ অভিযাত্রীর বাড়িতে উৎকণ্ঠার পরিবেশ। প্রশাসনের তরফে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজের দিকেই এখন তাকিয়ে রয়েছেন পরিজনেরা।







