HomeScrollবকেয়া ডিএ মেটাতে ৯ মাস দেরি কেন? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
Dearness Allowances

বকেয়া ডিএ মেটাতে ৯ মাস দেরি কেন? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মেটাতে এত দেরি কেন? রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলার শুনানিতে এই প্রশ্নই উঠল সুপ্রিম কোর্টে। ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত প্রায় ন’মাস পেরিয়ে গেলেও কেন এখনও সম্পূর্ণ বকেয়া মেটানো হয়নি, তা নিয়ে প্রশ্ন করেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। মামলার পরবর্তী শুনানি আগামী ২৯ জানুয়ারি।

শুনানিতে আবেদনকারীদের তরফে একাধিক অভিযোগ তোলা হয়। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের দাবি, রাজ্য সরকারের অনুদানপ্রাপ্ত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকেরা এখনও এক টাকাও মহার্ঘ ভাতা পাননি। অন্যদিকে, রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের আইনজীবী ফেরদৌস শামিম আদালতে জানান, রাজ্য সরকার আদালত নিযুক্ত কমিটির কাছে ৪২ হাজার কোটি টাকা ডিএ দেওয়ার কথা জানিয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত মাত্র ৮ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বলে তাঁর দাবি। কলকাতা পুরসভার কর্মীরাও বকেয়া ডিএ পাননি বলে আদালতে জানানো হয়।

রাজ্যের তরফে আইনজীবী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আবেদনকারীদের দাবি ও বক্তব্য আদালত নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার কমিটির কাছে পেশ করার ব্যবস্থা করা হয়েছে। সেই অনুযায়ী আইনজীবীদের নাম নথিভুক্ত করা হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর ওই কমিটির পরবর্তী বৈঠক নির্ধারিত রয়েছে।

শীর্ষ আদালতের নির্দেশ, আবেদনকারীদের প্রতিনিধিরা তাঁদের সম্পূর্ণ বক্তব্য আইনজীবীদের মাধ্যমে ইন্দু মালহোত্রার কমিটির কাছে পেশ করবেন। সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শোনার পর কমিটি সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্ট পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত।

ফলে বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের অপেক্ষা আরও বাড়ল। আগামী ২৯ জানুয়ারির শুনানিতে আদালত কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

[youtube-feed feed=1]
Read More

Latest News