ওয়েব ডেস্ক : রাজ্যের আবাসন প্রকল্পে আরও সাত লক্ষ উপভোক্তার হাতে পৌঁছতে চলেছে বাড়ি তৈরির দ্বিতীয় কিস্তির টাকা। শুক্রবার নবান্ন সভাঘর থেকে আনুষ্ঠানিকভাবে এই আর্থিক সহায়তা প্রদানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রত্যেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে দেওয়া হবে। এর আগে নতুন সরকার ক্ষমতায় আসার পর ১০ লক্ষেরও বেশি পরিবারকে দ্বিতীয় কিস্তির অর্থ দেওয়া হয়েছে। পাশাপাশি এদিন পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে একটি বই প্রকাশিত হওয়ার কথা। সেই বইয়ে মুখ্যমন্ত্রীর লেখা থাকবে বলেও জানা গিয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ার পর রাজ্যের নিজস্ব অর্থে আবাসন প্রকল্প চালু করেছিল তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ‘বাংলার বাড়ি’ নামে শুরু হওয়া এই প্রকল্পে মোট ৩০ লক্ষ ৬৫ হাজার পরিবারকে বাড়ি তৈরির আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়। প্রথম পর্যায়ে ১২ লক্ষ উপভোক্তা দু’টি কিস্তি মিলিয়ে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা পেয়েছিলেন। বাকি ১৮ লক্ষ ৬৫ হাজার পরিবার প্রথম দফায় ৬০ হাজার টাকা পাওয়ার পর বিধানসভা নির্বাচন হয়। রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রকল্পটির নাম বদলে ‘মুখ্যমন্ত্রী আবাস যোজনা’ (Mukhyamantri Abas Yojana) করা হয়। নতুন প্রশাসনের তরফে ধাপে ধাপে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
আরও খবর : অভিষেকের বাড়ির সামনে বুলডোজার! ফুটপাথ দখলমুক্ত করতে ভাঙা হল অস্থায়ী ছাউনি, খুলল লোহার গেট
সূত্রের খবর, বাকি থাকা উপভোক্তাদের মধ্যে ৪০ হাজারের বেশি মানুষের নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়েছে। এছাড়া কয়েকটি ক্ষেত্রে বাড়ি তৈরির প্রাথমিক পর্যায়ের কাজ সন্তোষজনকভাবে এগোয়নি। ফলে তাঁদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কি না, তা যাচাইয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, যাঁদের বাড়ি তৈরির কাজ চলছে এবং বৈধ জবকার্ড রয়েছে, তাঁদের জন্য শ্রমের মজুরি দেওয়ার ব্যবস্থাও করছে রাজ্য। জিরামজি প্রকল্পের আওতায় সর্বাধিক ৯০ দিনের কাজের মজুরি পাওয়ার সুযোগ থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে।
সম্প্রতি পঞ্চায়েত ভবনে আধিকারিকদের সঙ্গে বৈঠকে গ্রামীণ উন্নয়নের কাজে আরও গতি আনার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে জিরামজি প্রকল্পে কর্মদিবস বাড়ানোর উপর জোর দেন তিনি। সেই বৈঠকেই আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু। এবার শুক্রবার আরও সাত লক্ষ পরিবারের জন্য সেই প্রক্রিয়া শুরু হতে চলেছে।






