HomeScrollঅভিষেকের বাড়ির সামনে বুলডোজার! ফুটপাথ দখলমুক্ত করতে ভাঙা হল অস্থায়ী ছাউনি, খুলল...
Abhishek Banerjee

অভিষেকের বাড়ির সামনে বুলডোজার! ফুটপাথ দখলমুক্ত করতে ভাঙা হল অস্থায়ী ছাউনি, খুলল লোহার গেট

কলকাতা: সাতসকালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বুলডোজার নিয়ে হাজির পুরসভা ও পুলিশ আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে ফুটপাথ দখল করে তৈরি হওয়া অস্থায়ী বাঁশের কাঠামো ভেঙে ফেলা হয়। সরিয়ে দেওয়া হয় বাড়ির সামনে তৈরি লোহার গেট এবং পুলিশ কিয়স্কও। অভিযান ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য সকাল থেকেই কালীঘাট রোড সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুরসভার উচ্চপদস্থ আধিকারিকরাও।

বেশ কিছুদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ফুটপাথ দখল করে অস্থায়ী কাঠামো ও গেট তৈরির অভিযোগ উঠছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই ছাউনি ও গেটের কারণে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছিল। বিষয়টি নিয়ে এলাকায় বিতর্কও তৈরি হয়।

বুধবার সন্ধ্যায় সাংসদের বাড়িতে পৌঁছয় পুলিশ। বুলডোজার অভিযানের আশঙ্কায় আগেভাগেই অস্থায়ী ছাউনি খুলে ফেলার কাজ শুরু করেন তাঁর অনুগামীরা। তবে সেই কাজ সম্পূর্ণ হওয়ার আগেই বৃহস্পতিবার সকালে পুরসভা ও পুলিশের আধিকারিকরা বুলডোজার নিয়ে হাজির হন। এরপর বাঁশের কাঠামো ভেঙে ফেলা হয়। গ্যাস কাটার দিয়ে কেটে সরানো হয় ফুটপাথ আটকে থাকা লোহার গেটও।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার রাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কালীঘাটের বাড়ির সামনে অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সাংসদও। শনিবার সকালেও সেই উত্তেজনার রেশ বজায় ছিল। সেই সময় স্থানীয় বাসিন্দারা ফুটপাথের উপর তৈরি ছাউনি ও গেট নিয়ে আপত্তি জানান।

এরপরই নড়েচড়ে বসে পুলিশ ও পুরসভা। বৃহস্পতিবারের অভিযানে ফুটপাথের উপর থাকা অস্থায়ী নির্মাণ সরিয়ে দেওয়া হয়। গোটা প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

[youtube-feed feed=1]
Read More

Latest News