ওয়েব ডেস্ক : দেশের পরিচ্ছন্নতম শহরের তকমা এবার নবি মুম্বইয়ের (Navi Mumbai) দখলে। দীর্ঘ আট বছর ধরে এই শিরোপা ধরে রাখা মধ্যপ্রদেশের ইন্দোরকে (Indore) পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছে মহারাষ্ট্রের এই শহর। কেন্দ্রের স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৫-২৬-এর ফলাফলে দ্বিতীয় হয়েছে সুরাত এবং তৃতীয় স্থানে রয়েছে বিজয়ওয়াড়া। এবারের সমীক্ষায় সারা দেশের ৪ হাজার ৭০০-র বেশি পুরসভা ও নগর স্থানীয় প্রশাসন অংশ নিয়েছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এবারের মূল্যায়নে ইন্দোরকে সরাসরি আগের মতো একই বিভাগে রাখা হয়নি। নতুন চালু হওয়া ‘স্বচ্ছ শহর জোড়ি’ উদ্যোগের আওতায় মেন্টর সিটি বিভাগে দ্বিতীয় স্থান পেয়েছে শহরটি। তার সহযোগী শহর দেওয়াস জেলার দেপালপুর। এই বিভাগে আহমেদাবাদ ও তার সহযোগী শহর সানন্দ প্রথম হয়েছে। তৃতীয় স্থান পেয়েছে তিরুপতি ও তার সহযোগী কুপ্পম। অন্যদিকে, ১০ লক্ষের বেশি জনসংখ্যার শহরগুলির মধ্যে গ্রেটার বিশাখাপত্তনম সেরার স্বীকৃতি পেয়েছে। ৩ থেকে ১০ লক্ষ জনসংখ্যার বিভাগে প্রথম হয়েছে উজ্জয়িনী।
আরও খবর : অরবিন্দ কেজরিওয়াল ও মেয়েকে খুনের হুমকি! ৭ কোটি টাকা মুক্তিপণ দাবি
শহরের পাশাপাশি নদী, উপকূল এবং পার্বত্য এলাকার পরিচ্ছন্নতার বিচারেও আলাদা তালিকা প্রকাশ করা হয়েছে। নদীতীরবর্তী পরিচ্ছন্ন শহরের বিভাগে মধ্যপ্রদেশের রেওয়া প্রথম হয়েছে। দ্বিতীয় বিলাসপুর এবং তৃতীয় বারাণসী। উপকূলবর্তী পরিচ্ছন্ন শহরের তালিকায় শীর্ষে পুরী। দ্বিতীয় স্থানে কেরলের আলাপ্পুঝা এবং তৃতীয় স্থানে মহারাষ্ট্রের রত্নগিরি। হিমালয় অঞ্চলের শহরগুলির মধ্যে উত্তরাখণ্ডের রুদ্রপুর প্রথম হয়েছে। জম্মু দ্বিতীয় এবং শোপিয়ান তৃতীয় স্থান পেয়েছে। ছোট শহরের বিভাগেও নজর কেড়েছে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ। ৫০ হাজার থেকে ৩ লক্ষ জনসংখ্যার বিভাগে প্রথম দেওয়াস এবং দ্বিতীয় নয়াদিল্লি পুর পরিষদ। ২০ হাজার থেকে ৫০ হাজার জনসংখ্যার শহরগুলির মধ্যে প্রথম হয়েছে মহারাষ্ট্রের ভিটা।
এবারের সমীক্ষার মূল ভাবনা ছিল পরিচ্ছন্নতার কাজে নতুন উদ্যোগ এবং সম্মিলিত অংশগ্রহণ। দেশজুড়ে ৩ হাজারের বেশি প্রশিক্ষিত মূল্যায়নকারী শহরগুলির পরিস্থিতি খতিয়ে দেখেছেন। জিপিএস-নির্ভর নজরদারির পাশাপাশি তথ্য জমা দেওয়া থেকে যাচাই পর্যন্ত পুরো প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের দাবি, মেন্টর শহরগুলির সহায়তায় অন্য শহরগুলির পরিষেবার মানও বেড়েছে। বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহের হার ৫২ শতাংশ থেকে বেড়ে ৭৪ শতাংশ হয়েছে। দৃশ্যমান পরিচ্ছন্নতার মান ৪৮ থেকে ৭০ শতাংশে পৌঁছেছে। বর্জ্য পৃথকীকরণ, নিকাশি ব্যবস্থাপনা এবং শৌচাগার পরিষেবাতেও উন্নতির দাবি করেছে মন্ত্রক।





