HomeScrollভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, অল্পের জন্য রক্ষা! এক ঘণ্টারও বেশি বন্ধ ট্রেন...
North 24 Pargana

ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, অল্পের জন্য রক্ষা! এক ঘণ্টারও বেশি বন্ধ ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

উত্তর ২৪ পরগনা: বসিরহাট মহকুমার ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল ঘিরে ছড়াল আতঙ্ক। বৃহস্পতিবার সকাল প্রায় ৭টা নাগাদ হাসনাবাদ-শিয়ালদহ শাখার রেললাইনে এই ফাটল নজরে আসে। সম্ভাব্য বড়সড় দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। ফলে এক ঘণ্টারও বেশি সময় ধরে চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ৭টার ট্রেনটি স্টেশন পার হওয়ার সময় রেললাইনের ধারে দাঁড়িয়ে ছিলেন বাসিন্দা সুবল দাস। আচমকাই একটি শব্দ শুনতে পান তিনি। তাকিয়ে দেখেন, রেললাইনের একটি অংশ ফেটে উপরের দিকে উঠে গিয়েছে। ততক্ষণে অবশ্য ট্রেনটি ফাটলযুক্ত অংশ পার করে চলে গিয়েছে। সৌভাগ্যবশত কোনও দুর্ঘটনা ঘটেনি। এরপরই দ্রুত রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মীরা। পরিস্থিতি খতিয়ে দেখে যাত্রী নিরাপত্তার স্বার্থে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। শুরু হয় জরুরি ভিত্তিতে মেরামতির কাজ। রেলকর্মীদের তৎপরতায় প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে মেরামতির কাজ সম্পন্ন হয়। সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ ফের স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়েন বহু যাত্রী। মাছ ব্যবসায়ী আরাকুল ইসলাম জানান, তাঁর কাছে মাছ ছিল। নির্দিষ্ট সময়ে বারাসতে পৌঁছতে না পারলে মাছ বিক্রিতে সমস্যার মুখে পড়তে হত তাঁকে। তবে সময়মতো রেললাইনের ফাটল নজরে আসায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলেই মনে করছেন তিনি।

অন্য যাত্রী ভোলানাথ মণ্ডলের কথায়, সময়মতো ফাটল নজরে না এলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। তবে শুধু দ্রুত মেরামতি করলেই হবে না, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে রেললাইনের নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের দিকেও নজর দেওয়া জরুরি।

[youtube-feed feed=1]
Read More

Latest News