HomeScrollজন্মদিনে বাড়ির সামনেই রণক্ষেত্র! বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত কালীঘাট, রাতভর চলল স্লোগান-পালটা স্লোগান
Abhishek Banerjee

জন্মদিনে বাড়ির সামনেই রণক্ষেত্র! বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত কালীঘাট, রাতভর চলল স্লোগান-পালটা স্লোগান

কলকাতা: জন্মদিনের রাতেই উত্তপ্ত হয়ে উঠল কলকাতার কালীঘাট। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিজেপি কর্মী ও তাঁর অনুগামীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠল। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। দু’পক্ষের হাতাহাতিতে আহত হয়েছেন একাধিক ব্যক্তি। ছিঁড়ে ফেলা হয় অভিষেকের ব্যানার ও কাটআউট। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বাড়ানো হয় পুলিশের সংখ্যা।

৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে শুক্রবার রাতেই তাঁর বাড়ির সামনে জমায়েত করেছিলেন অনুগামীরা। অভিযোগ, সেই সময় কালীপুজোর প্রতিমা আনতে যাওয়ার পথে কয়েকজন বিজেপি কর্মী সেখানে উপস্থিত হন। তাঁদের তরফে ‘চোর’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। পালটা প্রতিবাদ জানান অভিষেকের অনুগামীরা। এরপরই দু’পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। ছিঁড়ে ফেলা হয় ব্যানার ও কাটআউট।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও উত্তেজনা কমেনি। বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসেন অভিষেকও। তাঁকে সামনে দেখে ফের শুরু হয় স্লোগান-পালটা স্লোগান। পরে কর্মী-সমর্থকদের সঙ্গে বাড়ির সামনে বসে পড়েন সাংসদ। নিরাপত্তার কারণে পুলিশ তাঁকে ভিতরে যাওয়ার অনুরোধ করলেও প্রথমে রাজি হননি তিনি। পুলিশের সঙ্গেও তাঁর বচসা হয়। শেষ পর্যন্ত শনিবার সকাল ৬টা নাগাদ বাড়ির ভিতরে যান অভিষেক।

ঘটনা নিয়ে অভিষেকের অভিযোগ, তাঁর বাড়ির উপর আগে থেকেই নজরদারি চালানো হচ্ছিল। তাঁকে খুনের পরিকল্পনা করেই হামলা চালানো হয়েছে। তাঁর এক সহকর্মী গুরুতর আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, তৃণমূল সাংসদের অভিযোগ উড়িয়ে কটাক্ষ করেছে বিজেপি। দিলীপ ঘোষের দাবি, ফুটপাতে জন্মদিন পালন করে সহানুভূতি আদায়ের চেষ্টা চলছে। বিজেপি সাংসদ রাহুল সিনহাও অভিষেককে নিশানা করে মন্তব্য করেন। সকালে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সাংসদ দোলা সেন। শনিবার সকাল নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

[youtube-feed feed=1]
Read More

Latest News